কারাসীমানায় হেলিকপ্টার: ‘শোকজ নোটিস পাবে পাইলট’
বিনা অনুমতিতে গাজীপুরের কাশিমপুর কারাগারের সীমানার মধ্যে হেলিকপ্টার অবতরণের ঘটনায় পরিচালনাকারী প্রতিষ্ঠান ও পাইলটকে কারণ দর্শাতে বলবে কারা কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার সকালে কারা কমপ্লেক্সের ভেতরে কারাস্কুল মাঠে অবতরণ করা মেঘনা অ্যাভিয়েশনের ওই হেলিকপ্টারটি চালাচ্ছিলেন বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা সোহেল লতিফ।
বাংলাদেশি বংশোদ্ভূত মালয়েশিয়ার নাগরিক ও তার স্ত্রী-সন্তানদের সেখানে নামিয়ে দিয়েই সেটি চলে যায়। পরে ওই পরিবারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করলেও পরে ছেড়ে দেয় কারা কর্তৃপক্ষ।
ঢাকা কেন্দ্রীয় কারাগার ২ (কাশিমপুর) এর কারাধ্যক্ষ আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঊর্ধ্বতন কারা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সংশ্লিষ্ট মেঘনা অ্যাভিয়েশন কর্তৃপক্ষ এবং তাদের পাইলটকে কারণ দর্শানো হবে।”
ওই হেলিকপ্টারের যাত্রী ছিলেন কুমিল্লার সন্তান মালয়েশিয়ার নাগরিক বিল্লাল হোসেন (৫০), তার স্ত্রী হাসনা আরা বিনতি, তাদের অপ্রাপ্তবয়স্ক দুই মেয়ে ও এক ছেলে। তারা কোনাবাড়ির একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন।
হেলিকপ্টারটির কোনাবাড়িতে নামার কথা থাকলেও পাইলট ভুল করে কারাভ্যন্তরে নেমেছিল বলে পুলিশ জানিয়েছে।
কোনাবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোবারক হোসেন জানান, কোনাবাড়িরর কুদ্দুসনগরে হেলিকপ্টারটির নামার অনুমতি ছিল। অবতরণের ওই স্থানে পুলিশও অপেক্ষা করছিল। কিন্তু ক্যাপ্টেন ভুল করে হেলিকপ্টারটি কারা কমেপ্লেক্সের অভ্যন্তরে করাগারের বাইরে অবতরণ করান। পরে হেলিকপ্টারের পাইলট ঢাকায় ফিরে তার ভুল স্বীকার করে কারাগারের জেল সুপার বরাবর ইমেইলে দুঃখ প্রকাশ করে বার্তা পাঠান।
কাশিমপুর কারা কমপ্লেক্সে চারটি কেন্দ্রীয় কারাগার রয়েছে- এগুলো হচ্ছে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ ও মহিলা কেন্দ্রীয় কারাগার।
এসব কারাগারে দেশের শীর্ষ সন্ত্রাসী, জঙ্গি ও ফাঁসিসহ বিভিন্ন মেয়াদে দণ্ডিত দুর্ধর্ষ সন্ত্রাসী ও বিভিন্ন ভিআইপিসহ কয়েক হাজার বন্দী রয়েছে।
