মালয়েশিয়া যাচ্ছেন হলি আর্টিজান মামলার তদন্ত কর্মকর্তা
অভিযোগপত্র দেওয়ার আগে মালয়েশিয়া যাচ্ছেন গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার মামলার তদন্ত কর্মকর্তা।
পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) পরিদর্শক মো. হুমায়ুন কবির তদন্তের স্বার্থে মালয়েশিয়ায় যাওয়ার প্রয়োজন উল্লেখ করে গত রোববার আদালতে আবেদন করেছিলেন।
ঢাকার মহানগর হাকিম নূর নাহার ইয়াসমিন ওই আবেদন সোমবার মঞ্জুর করেন, যা বৃহস্পতিবার জানা যায়।
আদালতের আদেশে ‘মালয়েশিয়ার তদন্ত সংস্থার প্রতি মামলার তদন্তকারী কর্মকর্তাকে প্রয়োজনীয় সার্বিক সহযোগিতা করার’ অনুরোধ করা হয় বলে আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই ফরিদ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
গুলশানের হলি আর্টিজান বেকারিতে চিহ্নিত হামলাকারীদের মধ্যে নিবরাজ ইসলাম মালয়েশিয়ায় পড়াশোনা করেছিলেন। জঙ্গি তৎপরতায় জড়িত আরও কয়েকজনের মালয়েশিয়ায় গিয়ে দীক্ষা নেওয়ার তথ্য পুলিশ পেয়েছে।
তদন্ত কর্মকর্তার আবেদনে মালয়েশিয়ায় নিবরাজের ঘনিষ্ঠ কয়েকজন বাংলাদেশির (জঙ্গি) বিষয়ে তদন্ত করার কথা তুলে ধরা হয়।
তদন্ত কর্মকর্তা হুমায়ুন বলেন, মামলায় নির্ভুল অভিযোগপত্র দেওয়ার জন্য তদন্তের শেষের দিকে বিদেশি জঙ্গিদের সম্পৃক্ততার পাশাপাশি জঙ্গিবাদে অর্থায়নের বিষয়টি পরিষ্কার হওয়ার জন্য সেখানে যাওয়া জরুরি।
সন্ত্রাস দমন আইনে করা এই মামলায় অচিরেই অভিযোগপত্র দেওয়া হবে বলে পুলিশের শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন।
