পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তিতে স্বাক্ষরের আহ্বান
পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তিতে বাংলাদেশ যেন স্বাক্ষর করে সে আহ্বান এসেছে হিরোশিমা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান থেকে।
হিরোশিমা দিবস উপলক্ষে বুধবার বিকালে মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘শান্তির স্বপক্ষে নতুন প্রজন্ম’ শীর্ষক অনুষ্ঠানে এই আহ্বান জানানো হয়।
মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও সদস্য সচিব ডা. সারওয়ার আলী বলেন, তিন বছর আগে জাতিসংঘ থাইল্যান্ডের এক কূটনীতিকের নেতৃত্বে একটি কমিটি করে পরমাণু অস্ত্র একেবারে নিষিদ্ধ করার জন্য। নানা আলোচনার পর জাতিসংঘের সাধারণ পরিষদে সংখ্যাগরিষ্ঠ ভোটে চুক্তিটি অনুমোদিত হয় গত ৮ জুলাই।
“সারা বিশ্বের সভ্যতা ও মানুষের জন্য এটি একটি সুসংবাদ। এ চুক্তিটি আগামী ২০ সেপ্টেম্বর জাতিসংঘে সকল দেশের স্বাক্ষরের জন্য উন্মুক্ত হবে। আমাদের আহ্বান থাকবে সেখানে যাতে বাংলাদেশ স্বাক্ষর করে।”
৫০টি দেশ স্বাক্ষর করলে চুক্তিটি আইনগত ভিত্তি পাবে জানিয়ে তিনি বলেন, “বাংলাদেশ তাতে স্বাক্ষর করলে প্রমাণিত হবে যে, এটি শান্তির দেশ, আমরা শান্তি চাই।”
১৯৪৫ সালের ৬ অগাস্ট জাপানের হিরোশিমায় যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমা হামলায় ব্যাপক প্রাণহানির ঘটনার স্মরণে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বিজ্ঞান শিক্ষায় নৈতিকতার মেলবন্ধন ঘটানোর আহ্বান জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আরশাদ মোমেন।
তিনি বলেন, “বিজ্ঞান শেখার পাশাপাশি নৈতিক শিক্ষা দেওয়াটা জরুরি। এটি আমরা কোনভাবে ব্যবহার করব, কল্যাণকর না ধ্বংসাত্মক কাজে, সেটি শিখতে হবে।”
আলোচনা শেষে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় রাজধানীর ক্যালিক্স প্রি-ক্যাডেট স্কুল, হাজারীবাগ গার্লস স্কুল অ্যান্ড কলেজ ও মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
