২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্র্যাক ব্যাংকের এমডির ছেলে দুর্ঘটনায় আহত

ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক  (এমডি) সেলিম আর এফ হোসেনের একমাত্র ছেলে শাহীন হোসেন গুলশানে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2017, 08:13 PM

Updated : 19 Aug 2022, 05:15 PM

বর্তমানে গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

বুধবার ভোরে গুলশান-২ নম্বর থেকে ১ নম্বরের দিকে যাওয়ার পথে গাড়ি সড়ক বিভাজকের উপর উঠে শাহীন আহত হন বলে গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মো. সালাহ উদ্দিন মিয়া জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দ্রুতগতিতে প্রাইভেটকার চালাতে গিয়ে সেটি আইল্যান্ডে উঠে গিয়েছিল। তার পাশ দিয়ে আরেকটি গাড়ি যাচ্ছিল।

“আমরা ধারণা করছি, হয়তবা দুটো গাড়ির মধ্যে গতির প্রতিযোগিতা থেকে এটা ঘটেছে।”

ওই গাড়িতে শাহীনের সঙ্গে আরও চার বন্ধু ছিলেন। তাদের মধ্যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদ বিভাগের ডিন শিবলী রুবাইয়াতুল ইসলামের  ছেলে। তিনি ‘সামান্য আহত’ হয়েছেন, প্রাথমিক চিকিৎসা নিয়ে ঘরে ফিরেছেন বলে স্বজনরা জানিয়েছেন।

২১ বছর বয়সী শাহীন দেশের বাইরে লেখাপড়া করেন বলে ব্র্যাক ব্যাংকের জনসংযোগ বিভাগের এক্সটার্নাল অ্যাফেয়ার্স শাখার জ্যেষ্ঠ ব্যবস্থাপক আব্দুর রহিম জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা তাকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম। সবাই তার জন্য উদ্বিগ্ন রয়েছেন। পরিবারের সবাই দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।”