সেচের উদ্ভাবনী ধারণায় মিলবে ২৫ লাখ টাকা
মাটির উপরের পানি ব্যবহার করে সেচ দেওয়ার উদ্ভাবনী ধারণার জন্য ২৫ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রী কার্যালয়ের একসেস টু ইনফরমেশন প্রকল্প (এটুআই)।
বুধবার প্রধানমন্ত্রী কার্যালয়ের করবী হলে এক অনুষ্ঠানে এটুআই চ্যালেঞ্জ ফান্ডের আওতায় নতুন এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
পোস্টার উন্মোচন করে এর উদ্বোধন ঘোষণা করেন এটুআইয়ের প্রকল্প পরিচালক ও প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) কবির বিন আনোয়ার।
পানির উপর নির্ভরতা কমিয়ে কীভাবে মাটির উপরের পানি ব্যবহার করে জমিতে সেচ দেওয়ার প্রযুক্তি বের করা যায় তার পাঁচটি পাইলট প্রকল্পের জন্য এ অর্থ দেওয়া হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।
এটুআইয়ের প্রোগ্রাম অ্যাসোসিয়েট খন্দকার শাহনূর সাব্বির বলেন, ভৌগলিকভাবে চর, খরা, লবণাক্ত, পাহাড়ি ও হাওর অঞ্চল হিসাবে পাঁচটি বিভাগ করা হয়েছে। পানি জমানো ও সেচের ধরন ভিন্ন হওয়ায় প্রতিটির জন্য আলাদা করে উদ্ভাবনী ধারণা জমা দিতে হবে।
এই পাঁচটি ক্যাটাগরি থেকে পাঁচটি উদ্ভাবনী সমাধানকে সর্বোচ্চ ২৫ লাখ টাকা পর্যন্ত চ্যালেঞ্জ ফান্ড থেকে দেওয়া হবে বলে জানান তিনি।
সাব্বির জানান, চ্যালেঞ্জ ফান্ডের ওয়েবসাইট লিঙ্ক http://challenge.gov.bd/irrigation এ উদ্ভাবনী ধারণা জমা দেওয়ার বিস্তারিত যাচ্ছে। আগ্রহীরা ৩০ সেপ্টেম্বরের মধ্যে সেখানে নিবন্ধন করে তাদের ধারণা জমা দিতে পারবেন।
অনুষ্ঠানে কবির বিন আনোয়ার বলেন, “আমাদের যথেষ্ট পানি আছে, কিন্তু সেগুলোর ব্যবস্থাপনা ঠিকমতো করা দরকার। এজন্য নিশ্চল বসে না থেকে আমরা শুরুটা করতে চাই। সেজন্য আইডিয়া নেওয়ার উদ্যোগ আমরা গ্রহণ করেছি।”
উদ্ভাবনী ধারণার উপর ভিত্তি করে বাস্তবায়নের স্বার্থে ‘যত টাকা প্রয়োজন’ হয়, তারও ব্যবস্থার করা হবে বলে আশ্বাস দেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, উদ্ভাবনী প্রকল্প বাস্তবায়নে কারিগরি সহায়তা দেবে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ও বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বি এম এনামুল হক, বিএডিসি চেয়ারম্যান নাসিরুজ্জামান, এটুআইয়ের পরিচালক (ইনোভেশন) মোস্তাফিজুর রহমান বক্তব্য দেন।
