২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধা জিয়াউদ্দিনকে সেক্টর কমান্ডার্স ফোরামের স্মরণ

পঁচাত্তরের রাজনৈতিক পালাবদলে সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত হয়ে কারাবরণ করা সদ্যপ্রয়াত মুক্তিযোদ্ধা মেজর (অব.) জিয়াউদ্দিন আহমেদের প্রাপ্য পেনশনসহ অন্যান্য সুবিধাদি ফিরে পেতে তার পরিবারকে সহযোগিতার আশ্বাস দিয়েছে সেক্টর কমান্ডার্স ফোরাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2017, 05:21 PM

Updated : 19 Aug 2022, 05:15 PM

বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা জিয়াউদ্দিন আহমেদ স্মরণে সেক্টর কমান্ডার্স ফোরাম আয়োজিত এক সভায় ফোরামের নেতারা এ আশ্বাস দেন।

মুক্তিযোদ্ধা জিয়াউদ্দিনকে সেনাবাহিনী থেকে অপসারণের বিষয়টি ‌‘রাজনৈতিক’ ছিল জানিয়ে সেক্টর কমান্ডার্স ফোরামের মহাসচিব হারুন হাবিব বলেন, “আমরা যতদূর জানি, অপসারণের পর পেনশন ও আবাসন সুবিধাসহ অন্যান্য যে সব সুবিধার জন্য তিনি অ্যাপ্রোচ করেন নি… কিন্তু তাই বলে তাকে সেসব দেওয়া হবে না- এটা অন্যায়।”

পঁচাত্তরে সপরিবারে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর ৩ থেকে ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহের মধ্যে গৃহবন্দি তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানকে উদ্ধার করেন সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত কর্নেল তাহের। পরবর্তীতে রাষ্ট্রদ্রোহের অভিযোগে বিচারের নামে কর্নেল তাহেরকে সামরিক আদালতে মৃত্যুদণ্ড দিয়ে ১৯৭৬ সালের ২১ জুলাই তা কার্যকর করা হয়।

কর্নেল তাহেরের ঘনিষ্ঠ হওয়ার কারণে ১৯৭৬ সালের জানুয়ারিতে গ্রেপ্তার হন মেজর জিয়াউদ্দিন। তৎকালীন সামরিক সরকার তাকে সামরিক বাহিনী থেকে বরখাস্ত করে ১২ বছরের কারাদণ্ড দেয়। পরে ১৯৮০ সালে রাষ্ট্রপতির সাধারণ ক্ষমার আওতায় মুক্তি পান তিনি।

Image
মেজর জিয়াউদ্দিন আহমেদ

মেজর জিয়াউদ্দিন আহমেদ

ফোরামের সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে এম সফিউল্লাহ বলেন, “মেজর জিয়াউদ্দিন আহমেদ পাকিস্তান সেনাবাহিনী থেকে কমিশন পেয়েছিল। মুক্তিযুদ্ধের সময় সে সুন্দরবনে এককভাবে যুদ্ধ করেছে; পাকিস্তান সেনাবাহিনীকে ওই এলাকায় ভিড়তেই দেয় নি। আমার শুনে খুব খারাপ লাগছে যে, একজন মুক্তিযোদ্ধা তার প্রাপ্য পাবে না।”

পিরোজপুর সোহরাওয়ার্দী কলেজে স্নাতক শ্রেণির ছাত্র থাকা অবস্থায় ১৯৬৯ সালে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন জিয়াউদ্দিন আহমেদ। প্রশিক্ষণ শেষে ১৯৭১ সালের ২০ মার্চ সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে ছুটিতে বাড়ি এসে ২৭ মার্চের পর মুক্তিযুদ্ধে যোগ দেন।

মুক্তিযুদ্ধে ৯ নম্বর সেক্টরে মেজর এম এ জলিলের অধীনে সাব-সেক্টর কমান্ডার হিসেবে সুন্দরবন অঞ্চলে মুক্তিবাহিনীর নেতৃত্ব দেন মেজর জিয়াউদ্দিন।

দেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিয়ে প্রথমে ক্যাপ্টেন এবং পরে মেজর পদে উন্নীত হন।

কর্নেল তাহেরের অনুসারী জিয়াউদ্দিন ১৯৭৫ সালের ৭ নভেম্বরের পর সুন্দরবনে আশ্রয় নেন। পরে সুন্দরবনে সেনা অভিযানে গ্রেপ্তার হন তিনি।

সামরিক আদালতের বিচারে দণ্ডিত মেজর জিয়াউদ্দিন ১৯৮০ সালে ছাড়া পেয়ে সুন্দরবনের দুবলার চরে শুটকির ব্যবসা শুরু করেন। সামরিক বাহিনীতে আর ফিরে না আসার পাশাপাশি সেখান থেকে পেনশনসহ অন্য কোনো সুযোগ-সুবিধাও চাননি।

তবে এখনও পরিবারের সদস্যরা তার প্রাপ্য সুযোগ সুবিধা দাবি করলে তা পাওয়া সম্ভব বলছেন সাবেক সেনা প্রধান কে এম সফিউল্লাহ।

তিনি বলেন, “আমি তার পরিবারের সদস্যদের প্রতি আহ্বান জানাচ্ছি, প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আপনারা আর্মি হেডকোয়ার্টারে অ্যাপ্রোচ করুন। আমরাও অ্যাপ্রোচ করব, তার যা যা প্রাপ্য তা যেন সে পায়।”

গোপন সামরিক আদালতে কর্নেল তাহেরসহ অন্যদের বিচারের বৈধতা চ্যালেঞ্জ করে ২০১০ সালে উচ্চ আদালতে দায়ের করা এক মামলার রায়ে আদালত মেজর জিয়াউদ্দিনসহ সামরিক আদালতে কারাদণ্ড দেওয়াদের বাহিনী থেকে বরখাস্তর আদেশকে অবৈধ ঘোষণা করে তারা পূর্ণ মেয়াদে চাকরিতে বহাল ছিলেন বলে গণ্য করার নির্দেশ দেয়।

তাদের সমস্ত বকেয়া বেতন, পেনসনসহ অন্যান্য সুবিধাদি ও পদোন্নতির বিষয় বিবেচনা করার জন্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছিল ২০১১ সালে ঘোষণা করা ওই রায়ে, যার পূর্ণাঙ্গ অনূলিপি প্রকাশ হয় ২০১৩ সালে।

স্মরণসভায় অন্যদের মধ্যে সেক্টর কমান্ডার্স ফোরামের ভাইস চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরী, যুগ্ম মহাসচিব আবুল কালাম আজাদ পাটোয়ারি, সাংগঠনিক সম্পাদক মেজর জেনারেল (অব.) মো. আলী সিকদার উপস্থিত ছিলেন।

পুরনো খবর:

মুক্তিযোদ্ধা মেজর জিয়াউদ্দিন মারা গেছেন
‘তাহেরকে হত্যার লক্ষ্য ঠিক করে বিচার সাজান জিয়া’