ভোটে আসতে বাংলাদেশের সব দলকে আহ্বান ব্রিটিশ প্রতিমন্ত্রীর
‘গণতন্ত্রের স্বার্থে’ বাংলাদেশের সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের জাতিসংঘ ও কমনওয়েলথ বিষয়ক প্রতিমন্ত্রী লর্ড তারিক আহমেদ।
রাজনৈতিক দল ও সরকারের উদ্দেশে তিনি বলেছেন, “প্রথম কথা, দয়া করে ভোটে অংশ নিন। দ্বিতীয় কথা একটি অবাধ ও স্বচ্ছ নির্বাচন করুন। কেননা গণতন্ত্রকে দীর্ঘস্থায়ী করতে এগুলোই ভিত্তি।”
অধিকাংশ দলের বর্জনের মধ্যে বাংলাদেশের দশম সংসদ নির্বাচন হওয়ার পর একাদশ সংসদ নির্বাচনের আগে ঢাকা সফরে আসা তারিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা বলেন।
যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী হিসেবে এই প্রথম বাংলাদেশে এলেন তারিক। আগামী বছরের এপ্রিলে লন্ডনে অনুষ্ঠেয় কমনওয়েলথ সম্মেলনকে সামনে রেখে এই জোটকে সক্রিয় করে তোলা এবং বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ককে আরও জোরদার করার লক্ষ্যে তার এই সফর।
লন্ডন সম্মেলনের মাধ্যমে কমনওয়েলথকে চাঙা করে আরও শক্তিশালী করে তোলার বিশাল সুযোগ রয়েছে বলে মনে করছেন তিনি।
বাংলাদেশের বিগত জাতীয় নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে তারিক বলেন, গত ২০১৪ সালে অনুষ্ঠিত সর্বশেষ জাতীয় নির্বাচন বিএনপি নেতৃত্বাধীন জোট বয়কট করায় তারা হতাশ।
“সর্বশেষ নির্বাচনে সবাই অংশ না নেওয়ায় অবশ্যই আমরা হতাশ। আমরা নির্বাচনে অংশ নিতে বলব সবাইকে। কারণ এতে পছন্দের বহু সুযোগ তৈরি হয় (ভোটারদের জন্য), যা সুস্থ গণতন্ত্রের জন্য দরকার।”
“এটা করতে সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো সামনে এগিয়ে নিয়ে যেতে আমরা সংশ্লিষ্ট সব পক্ষকে প্রভাবিত করতে পেরেছি বলে আমি মনে করি।”
সফরে প্রধানমন্ত্রীসহ সরকারের কয়েকজন মন্ত্রী ছাড়াও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেছেন যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী। তাদের সঙ্গে আলোচনায় মানবাধিকার, গণতন্ত্র এবং আইনের শাসনের মতো বিভিন্ন মূল্যবোধ বাস্তবায়নে কমনওয়েলথের ভূমিকা নিয়ে আলোচনা করেন তিনি।
আগামী ২০২১ সালে স্বাধীনতার ৫০ বছর পূর্তি পালনের সময় এটা বাংলাদেশের বহুমাত্রিক সংস্কৃতিকে উদযাপনের বিশাল সুযোগ এনে দেবে বলেও মন্তব্য করেন ব্রিটিশ এই প্রতিমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে লর্ড তারিক আহমেদ
বাংলাদেশের স্বাধীনতা লাভের সময় থেকেই আন্তঃসম্পর্কের কথা উল্লেখ করে তারিক বলেন, “আমাদের মধ্যে শক্তিশালী বন্ধন রয়েছে। টেকসই গণতন্ত্র লাভের পথে এই যাত্রাকে আমরা দৃঢ়ভাবে সমর্থন করি এবং বাংলাদেশ সেই জায়গায় গেছে। কারণ এখানে বেশ কয়েকটি নির্বাচন হয়েছে।”
বর্তমানে বাংলাদেশে চলমান বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নকাজ দীর্ঘমেয়াদী চাহিদার কথা বিবেচনা করে টেকসই হওয়া উচিৎ বলেও মন্তব্য করেন তিনি।
ব্যবসা-বাণিজ্য, সংস্কৃতি এবং সামাজিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে ‘শক্তিশালী বন্ধন’ রয়েছে বলেও মন্তব্য করেন তারিক।
ইন্টারনেট ব্যবহার করে উগ্রপন্থা প্রতিরোধ এবং ‘কুইনস কমনওয়েলথ ক্যানোপি’ কর্মসূচির মাধ্যমে বনভূমি রক্ষাসহ যুক্তরাজ্য ইতোমধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
“বাংলাদেশসহ অন্যান্য দেশগুলোকেও এই প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করতে প্রচেষ্টা চালানো হবে।”
সন্ত্রাসবাদ প্রতিরোধে আগামীতে দুই দেশ যৌথভাবে কাজ করার চেষ্টা করবে বলে জানান তারিক আহমেদ।
বাংলাদেশ সফর শেষে মঙ্গলবার সকালে ভারতের উদ্দেশে ঢাকা ছেড়েছেন লর্ড তারিক।
