২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে নির্বাচনে সব দল আসবে, আশা ব্রিটিশ প্রতিমন্ত্রীর

বাংলাদেশের আগামী নির্বাচন সব দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ বিষয়ক দপ্তরের প্রতিমন্ত্রী এবং লর্ড আহমেদ অফ উইম্বলডন তারিক মাহমুদ আহমেদ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2017, 09:39 PM

Updated : 19 Aug 2022, 05:15 PM

তারিক মাহমুদ আহমেদ মঙ্গলবার বিকালে গণভবনে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ বিষয়ে সাংবাদিকদের জানান।

তারিক মাহমুদ বলেন, “আমরা আশা করি বাংলাদেশের আগামী নির্বাচন সকলের অংশগ্রহণের ভিত্তিতেই অনুষ্ঠিত হবে।”

ব্রিটিশ প্রতিমন্ত্রী ব্রেক্সিট প্রসঙ্গে বলেন, এটা বাংলাদেশের জন্য কোনো ক্ষতির কারণ হবে না এবং বাংলাদেশ যুক্তরাজ্য থেকে যেসব ব্যবসায়িক সুবিধা পেয়ে আসছে তা অব্যাহত থাকবে।

শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নেরও প্রশংসা করেন তারিক মাহমুদ।

তিনি বলেন, “বাংলাদেশেরও বলার মত একটি চমৎকার গল্প রয়েছে...এবং আপনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশ হয়ে উঠবে।”

তিনি বাংলাদেশের কওমী মাদ্রাসার শিক্ষাকে মূল ধারার সঙ্গে সম্পৃক্ত করার সরকারি উদ্যোগেরও প্রশংসা করেন।

এসময় শেখ হাসিনা বলেন, জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করেই তার সরকার গণশিক্ষার প্রসারে সর্বাধিক গুরুত্বারোপ করেন।

প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে বিদ্যালয়ে শতকরা ৬০ ভাগ নারী শিক্ষক অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, তার সরকার পাশ্ববর্তী দেশের সঙ্গে যৌথ উদ্যোগে সীমান্তে মানব পাচার বন্ধের উদ্যোগ নিয়েছে।

সন্ত্রাসের বিরুদ্ধে তার সরকারের জিরো টলারেন্স নীতির উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কাউকেই কোনো প্রকার সন্ত্রাসী তৎপরতা চালানোর জন্য বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না।

এ প্রসঙ্গে তিনি বলেন, সকল শ্রেণিপেশার মানুষের মধ্যে গণসচেতনতা সৃষ্টির মাধ্যমে তার সরকার সমাজ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ উৎপাটনের উদ্যোগ নিয়েছে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম এ সময় উপস্থিত ছিলেন।