২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরাফাত সানির এক মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানি ও তার মা নার্গিস আক্তারের বিরুদ্ধে নারী নির্যাতন মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ পিছিয়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2017, 09:31 PM

Updated : 19 Aug 2022, 05:15 PM

সানির দ্বিতীয় স্ত্রী নাসরিন সুলতানার দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য মঙ্গলবার দিন ধার্য ছিল। তবে মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে পারেননি।

পরে ঢাকা মহানগর হাকিম জিয়ারুল ইসলাম আগামী ৩১ অগাস্ট প্রতিবেদন দাখিলের নতুন দিন ঠিক করেন।

আরাফাত সানি ও তার মা নার্গিস আক্তার এদিন আদালতে হাজিরা দিয়েছেন বলে আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের  উপ-পরিদর্শক হরলাল মল্লিক জানান।

নাসরিন সুলতানা তথ্য প্রযুক্তি আইনে মোহাম্মদপুর থানায় একটি মামলা করার পর গত ২২ জানুয়ারি সানিকে গ্রেপ্তার করে পুলিশ। ওই মামলায় সানির জিজ্ঞাসাবাদ চলাকালে তার মা নার্গিস থানার সামনে তাকে মারধর করেন অভিযোগ করে গত ১ ফেব্রুয়ারি ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এই মামলা করেন নাসরিন।

ওই দিন আদালত বাদীর জবানবন্দি গ্রহণের পর অভিযোগ মোহাম্মাদপুর থানা পুলিশকে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

গত ৮ ফেব্রুয়ারি মোহাম্মদপুর থানার ওসি জামাল উদ্দীন মীর মামলাটি এজাহার হিসেবে রেকর্ড করে ঢাকা সিএমএম আদালতে নথি পাঠান।এরপর আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়।

মামলায় বলা হয়, সাত বছর আগে পরিচয়ের সূত্র ধরে সানির সঙ্গে নাসরিনের ঘনিষ্ঠতা হয়। একপর্যায়ে তারা দুজন দুজনকে ভালোবাসেন। ২০১৪ সালের ৪ ডিসেম্বর অভিভাবকদের না জানিয়ে তারা বিয়ে করেন। কিন্তু বিয়ের তিন বছরেও সানি দুই পরিবারের সঙ্গে আলোচনা করে নাসরিনকে আনুষ্ঠানিকভাবে ঘরে তুলে নেননি। বারবার এ বিষয়ে চাপ দিলেও তিনি কালক্ষেপণ করেন।

এরপর গত বছরের ১২ জুন গভীর রাতে ‘নাসরিন সুলতানা’ নামের একটি ভুয়া ফেইসবুক আইডি থেকে তার আসল ফেইসবুক মেসেঞ্জারে সানি-নাসরিনের অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি পাঠানো হয়।

এর পরিপ্রেক্ষিতে তথ্যপ্রযুক্তি আইনে মোহাম্মদপুর থানায় মামলা করেন নাসরিন। ওই মামলায় সানি রিমান্ডে থাকা অবস্থায় ২২ জানুয়ারি তার মা নার্গিস আক্তার থানার সামনে বাদীকে মারধর করেন। এ বিষয়ে ওই দিন থানায় অভিযোগ করলেও পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় আদালতে মামলা করেন নাসরিন সুলতানা।