পল্লবীর মাদ্রাসায় শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ
রাজধানীর পল্লবীর একটি মাদ্রাসা থেকে নয় বছর বয়সী এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে, যাকে হত্যা করা হয়েছে অভিযোগ করেছে পরিবারের সদস্যরা।
নিহত হাফিজুর রহমান কাওসারকে দুই সপ্তাহ আগে মিরপুর ১১ নম্বর সেকশনে পল্লবীর ৫ নম্বর রোডের ৫ নম্বর বাড়িতে মারকাজুল তারতিলিন কোরান নামের ওই মাদ্রাসায় ভর্তি করা হয়েছিল। তার বাবা দুলাল খান নিউমার্কেট এলাকায় ফুটপাথে ব্যবসা করেন।
সোমবার সকালে ওই মাদ্রাসার অধ্যক্ষ মো. জুনায়েদ বিন ইসহাকের রেস্ট রুমের বিছানা থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন পল্লবী থানার ওসি দাদন ফকির।
কাওসার আত্মহত্যা করেছে বলে মাদ্রাসা থেকে বলা হলেও ছেলেকে হত্যা করা হয়েছে অভিযোগ করেন তার বাবা দুলাল খান।
চার মেয়ের পর একমাত্র ছেলের মৃত্যুর খবর মাদ্রাসার কোনো শিক্ষক বা শিক্ষার্থী তাকে দেয়নি অভিযোগ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “পাশে এক লোকের মাধ্যমে ছেলের মৃত্যুর খবর পেয়ে মাদ্রাসায় গিয়ে দেখি সেখানে অনেক আগে থেকে পুলিশ এসে কাজ করছে।”
রোববার রাতের কোনো এক সময় তার ছেলেকে হত্যা করা হয়েছে বলে দাবি করে দুলাল খান বলেন, “আমার ছেলে আত্মহত্যা করতে পারে না। এই শিশু কি জন্যেইবা আত্মহত্যা করবে।”
তবে আত্মহত্যা কোনো নমুনা পুলিশও পায়নি বলছেন পল্লবীর ওসি দাদন ফকির।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “শিশুটি মাদ্রাসার একটি শৌচাগারে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে দাবি করা হচ্ছে। সেখানে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে অন্য শিক্ষার্থীরা উদ্ধার করে অধ্যক্ষের রেস্ট রুমে নিয়ে আসে বলে আমাদের জানিয়েছে কয়েক শিক্ষার্থী।
“তবে আত্মহত্যার কোনো নমুনা পাওয়া যায়নি। পুরো বিষয়টি রহস্যজনক। আত্মহত্যার কথা বলা হলেও গলায় কোনো চিহ্ন নেই বা পরিস্থিতি সে রকম দেখা যায়নি।”
কাওসারের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে জানিয়ে ওসি বলেন, “লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনের উপর তার মৃত্যুর কারণ নির্ভর করছে।”
এ ঘটনায় মাদ্রাসার অধ্যক্ষকে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে জানিয়ে পুলিশ কর্মকর্তা দাদন ফকির বলেন, “আমরা সকল চিন্তা মাথায় রেখে তদন্ত করছি। প্রয়োজনে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।”
