মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ
কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদ ও বকেয়া বেতন-ভাতার দাবিতে সড়ক অবরোধে এসে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে রাজধানীর মিরপুরের মেরিডিয়ান ফ্যাশনস লিমিটেডের শ্রমিকরা।
সোমবার সকালে থেকে মিরপুর ১ নম্বর এলাকায় শুরু হওয়া এ বিক্ষোভে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কোরিয়ান, ট্যানুয়েল, কোর্ডিয়ান ও পদ্মাসহ আশপাশের কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরাও যোগ দেয়।
পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া শেষে দুপুরের পর থেকে সনি সিনেমা হলের সামনের মোড় অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যান শ্রমিকরা।
পরে রাতে বিজিএমইএর মধ্যস্থতায় এক বৈঠকে শ্রমিকরা শান্ত হয়।
মেরিডিয়ান ফ্যাশনসের শ্রমিকরা বলছেন, বেতন-ভাতা না দিয়ে আকস্মিকভাবে কারখানা বন্ধ করে দেওয়ার পাশাপাশি কয়েকজন কর্মীকে ছাঁটাই করার কারণে রাস্তায় নামেন তারা।
অন্যদিকে শ্রমিকদের ‘অবৈধ ধর্মঘটের কারণে’ কারখানা বন্ধ করা হয়েছে বলে ভাষ্য কর্তৃপক্ষের।
এই কারখানার সাড়ে তিনশ শ্রমিক রয়েছেন। শার্ট, জ্যাকেট ও ট্রাউজারসহ বিভিন্ন পণ্য উৎপাদন হয় সেখানে।
মেরিডিয়ান ফ্যাশনসের শ্রমিক সোহানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত প্রায় ছয় মাস ধরে বেতন হচ্ছে মাসের ১৫ থেকে ২০ তারিখের পরে। রোজার ঈদে ১৫ দিনের বকেয়া বেতন দেয়নি মালিকপক্ষ, ঈদের পরেও বেতন দিতে দেরি করেছে।”
সোহান বলেন, “দাবি-দাওয়ার বিষয়টি আমরা কারখানার মধ্যেই রাখতে চেয়েছিলাম। কিন্তু মালিকপক্ষ গত পরশুদিন আমাদের নেতৃস্থানীয় ২২ জন কর্মীকে পাওনা মিটিয়ে দিয়ে বিদায় করে দিয়েছে। সকালে এসে দেখা যায় কারখানা বন্ধ, তালা লাগানো।”
নাজমা বেগম নামে কারখানাটির আরেক শ্রমিক বলেন, “গত কয়েকদিন ঘরে শুনছিলাম- কারখানা বন্ধ করে দেওয়া হবে। যদি কারখানা বন্ধই করে দেয়, তাহলে শ্রম আইন অনুযায়ী তিন মাসের বেতন-ভাতা পরিশোধ করতে হবে। ওভারটাইম যা ছিল তা দিতে হবে।”
এদিকে বুধবার পর্যন্ত কারখানা বন্ধের নোটিসে কারণ হিসেবে শ্রমিক আন্দোলনকে দায়ী করেছে মেরিডিয়ান ফ্যাশনস লিমিটেড কর্তৃপক্ষ ।
নোটিসে বলা হয়, “এতদ্বারা সকল শ্রমিকদের অবগতির জন্য জানানো হচ্ছে যে, অবৈধ ধর্মঘটের কারণে বাংলাদেশের শ্রম আইন ২০০৬, ধারা ১৩ অনুযায়ী ফ্যাক্টরি আগামী ০৭-০৮-২০১৭ থেকে ০৯-০৮-২০১৭ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হইল। পরিস্থিতি অনুকূলে না আসলে এ বন্ধের মেয়াদ আরো বাড়ানো হইবে।”
বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ইউনিয়নের সভাপতি বাবুল আখতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মেরিডিয়ান ফ্যাশনসের বেতন ভাতা দিতে দেরি হচ্ছিল। এনিয়ে শ্রমিকরা বেশ কিছুদিন ধরে ক্ষুব্ধ ছিল। গত রাতে শ্রমিকরা আলোচনার এক পর্যায়ে মালিকপক্ষকে অবরুদ্ধ করে রাখে।
“ব্যবস্থাপনা পরিচালক নাছির আলমের রামপুরায়ও একটি কারখানা রয়েছে। ওই কারখানায় শ্রমিক ইউনিয়ন থাকলেও মিরপুরের কারখানায় ইউনিয়ন নেই। সম্প্রতি রামপুরার কারখানায় শ্রমিকদের কিছু দাবি মেটানোর পর মিরপুরের শ্রমিকরাও একই দাবি করতে থাকে। এসব নিয়েই টানাপোড়েন শুরু হয়।”
এর আগে সকালে মিরপুর ১ নম্বরে এলাকার রাস্তা অবরোধ করা শ্রমিকদের সরাতে গেলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর তারা হামলা করে বলে জানিয়েছিলেন মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান।
শ্রমিকরা সনি সিনেমা হল, চিড়িয়াখানা সড়ক এবং ১ নম্বরসহ আশেপাশের এলাকার ছড়িয়ে পড়ে বিভিন্ন গলি থেকে পুলিশের উপর হামলা করে জানিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বেশ কিছু গাড়ি তারা ভাংচুর করেছে। পুলিশ তাদের বুঝিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে।”
সংঘর্ষ শুরু হলে মিরপুর এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দোকানপাটও বন্ধ করে দেয় মালিকরা। বিকালে সংঘর্ষ থামলেও সড়ক অবরোধ চলতে থাকায় মিরপুর এলাকায় তীব্র যানজট তৈরি হয়।
রাতে বৈঠকের পর বিজিএমইএর ক্রাইসিস ম্যানেজমেন্ট সেলের প্রধান মনসুর খালেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৈঠক সফলভাবে শেষ হয়েছে। মালিক পক্ষ ও শ্রমিক প্রতিনিধি সবাই সন্তুষ্ট হয়ে বিদায় নিয়েছেন।”
যেসব শ্রমিককে ছাঁটাই করা হয়েছে তাদের কোনো পাওনা থাকলে তিন কর্মদিবসের মধ্যে বিজিএমইএতে অভিযোগ করতে বলেন তিনি।
বৈঠকে অংশ নেওয়া কারখানার সিনিয়র অপারেটর আরিফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের দাবি অনুসারে ৭/৮ তারিখের মধ্যে বেতন-ভাতা পরিশোধ করবে বলে মালিকপক্ষ থেকে বলা হয়েছে। কোনো শ্রমিক চাকরিচ্যুত হলে আইন অনুসারে তার সব ধরনের পাওনা পরিশোধ করা হবে। ঈদ বোনাসসহ অন্যান্য পাওনাও যথাসময়ে মিটিয়ে দেবে বলে আমাদের বলা হয়েছে।”
বুধবার থেকে কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্তও হয়েছে বলে জানান তিনি।
