২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুনানিতে অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা: দুদক চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানিতে কোনো কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ উঠলে ‘তাৎক্ষণিক’ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2017, 09:42 PM

Updated : 12 Apr 2022, 12:05 AM

গণশুনানিকে ‘জনগণের অভিযোগ প্রদানের সরাসরি ব্যবস্থা’ উল্লেখ করে এসব অভিযোগ দ্রুত আমলে নেওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি।

রোববার রাজধানীর সেগুনবাগিচায় কমিশনের প্রধান কার্যালয়ে সংস্থাটির সমন্বিত জেলা, বিভাগীয় ও প্রধান কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে জরুরি সভায় তিনি এসব কথা বলেন।

ইকবাল মাহমুদ বলেন, প্রতিটি গণশুনানির পর যেসব অভিযোগ মামলাযোগ্য তা প্রতিবেদন আকারে কমিশনে জমা দিতে হবে, যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়।

প্রাথমিক শুনানির পর ফলোআপ শুনানির ব্যবস্থা করা হবে জানিয়ে তিনি বলেন, “এতে কোনো কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ উঠলে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।”

এর আগে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে ৬১টি গণশুনানি করেছে দুদক।

শুনানিতে পাওয়া অভিযোগের প্রেক্ষিতে বেশ কয়েকজন কর্মকর্তাকে বদলি ও সাময়িক বরখাস্তের কথা উল্লেখ করে কমিশনের একজন পরিচালককে শুনানির সারসংক্ষেপ করে কমিশনে উপস্থাপনের নির্দেশ দেন ইকবাল মাহমুদ।

দুর্নীতির মামলায় শত শত আসামিকে গ্রেপ্তার করা হলেও এখনো অনেকে পালিয়ে বেড়াচ্ছেন বলে তথ্য দেন দুদক চেয়ারম্যান।

“দুর্নীতি দমন কমিশনের মামলায় যেসব আসামি এখনও আইন-আদালতে আত্মসমপর্ণ করেননি, কিংবা আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে কমিশনের তদন্ত কাজে বিঘ্ন সৃষ্টি করছেন, তাদের অবশ্যই আইনের আওতায় নিয়ে আসতে হবে।”

দুর্নীতির অভিযোগ তদন্তে প্রয়োজনীয় নথিপত্র পর্যবেক্ষণ, ভয়-ভীতি প্রদর্শন না করে অভিযোগ সংশ্লিষ্টদের সঠিকভাবে জিজ্ঞাসাবাদ, ঘটনাস্থল পরিদর্শন, যথাসময়ে কেস ডায়রি লিখন এবং নির্ধারিত সময়ের মধ্যে অনুসন্ধান ও তদন্তকাজ শেষ করতে কর্মকর্তাদের নির্দেশ দেন সংস্থাটির চেয়ারম্যান।

আইন অনুযায়ী নির্ধারিত সময়ে প্রতিটি অনুসন্ধান এবং তদন্ত শেষ করতে তাগিদ দেন ইকবাল মাহমুদ।

তদন্ত বা অনুসন্ধানের ক্ষেত্রে তথ্য বা নথিপত্র সরবরাহ না করে বাধা সৃষ্টির চেষ্টা করলে দায়ীদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

‘সঠিকভাবে’ দুর্নীতির অভিযোগ তদন্ত হলে সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী কমিশনের শতভাগ মামলাতেই সাজা নিশ্চিত করা সম্ভব বলে মনে করেন দুদক প্রধান।

“কমিশনের মামলা দালিলিক প্রমাণাদি নির্ভর।কোনো মামলাই অনুমান নির্ভর কিংবা ধারণাভিত্তিক নয়। প্রত্যেক আসামির বিরুদ্ধে ফৌজদারি দায় সুনির্দিষ্ট করে তদন্ত প্রতিবেদন প্রণয়ন করতে হবে।”

সংস্থার দুই কমিশনার নাসিরউদ্দীন আহমেদ এবং এএফএম আমিনুল ইসলাম জরুরি সভায় বক্তব্য দেন।