২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘স্থাপত্যকে সৃষ্টিমুখী করে গড়ে তুলতে চেয়েছেন রবীন্দ্রনাথ’

স্থাপত্যকে আকারের মহাযাত্রা হিসেবে দেখে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যেকোনো নির্মাণকে সৃষ্টিমুখী করে গড়ে তুলতে চেয়েছিলেন বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের স্থপতি, পরিবেশবিদ ও রবীন্দ্র গবেষক অরুণেন্দু বন্দ্যোপাধ্যায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2017, 08:28 PM

Updated : 11 Oct 2022, 02:21 PM

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৬তম প্রয়াণদিবস উপলক্ষে বাংলা একাডেমিতে ‘পরিবেশ, নির্মাণসংস্কৃতি ও রবীন্দ্রনাথ’ শীর্ষক বক্তৃতায় তিনি বলেন, “যেকোনো নির্মাণকে সৃষ্টিমুখী করে গড়ে তুলতে হবে, এই ছিল রবীন্দ্রবিশ্বাস। স্থাপত্য তার কাছে ছিল আকারের মহাযাত্রা।”

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণদিবসে রোববার বিকালে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে হয় এই অনুষ্ঠান।

অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি সচিব মো. ইব্রাহীম হোসেন খান। সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।

অরুণেন্দু বন্দ্যোপাধ্যায় বলেন, “শুধু প্রযুক্তি দিয়ে যে স্থাপত্যের মুক্তি ঘটবেনা বরং সাহিত্য-সংস্কৃতির নিবিড় যোগাযোগের মধ্য দিয়েই যে স্থাপত্যের পূর্ণতা সম্ভব তা রবীন্দ্রনাথ গভীরভাবে বিশ্বাস করতেন।”

পূর্ববঙ্গের শিলাইদহ, পতিসর, শাহজাদপুরে বসবাসের সূত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকৃতি, পরিবেশ ভাবনা বিকাশ লাভ করে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, “বস্তুত পূর্ববঙ্গের শিলাইদহই ছিল শান্তিনিকেতনের প্রাককথন। আলো-বাতাস ও পরিসরকে রবীন্দ্রনাথ স্থাপত্যের আত্মা মনে করতেন।”

“আমরা আজ উদগ্রতাকে এবং বিশালতাকে স্থাপত্যের গুণ হিসেবে জ্ঞান করছি কিন্তু রবীন্দ্রচিন্তার আলোকে স্থাপত্যকে যদি আমাদের মানবীয় ভাবনার অংশী করে তুলতে পারি তবে দেখব স্থাপত্যের ভেতর প্রকৃতির স্পন্দন জাগানোতেই এর মহিমা নিহিত,” বলেন ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ কমিশনের এই সদস্য।

স্বাগত ভাষণে শামসুজ্জামান খান বলেন, “বাংলা একাডেমি এবার ভিন্ন আঙ্গিকে রবীন্দ্রনাথকে স্মরণ করছে। তার সাহিত্যকর্মের মতোই স্থাপত্যচিন্তাও ব্যতিক্রমী এবং মৃত্তিকালগ্ন যা আজকের দিনেও আমাদের জন্য সমান প্রাসঙ্গিক।”

সভাপতির বক্তব্যে ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন, “প্রকৃতির প্রতি রবীন্দ্রনাথের যে ব্যাকুলতা ছিল তা পূর্ববঙ্গে এসে পূর্ণতা পায়। আর তার স্থাপত্যিক বিকাশ তিনি ঘটান শান্তিনিকেতনে। সেখানকার গৃহনির্মাণকলা থেকে শুরু করে শিক্ষা-পরিসর পর্যন্ত রবীন্দ্রনাথ প্রকৃতির সঙ্গে নিবিড় লগ্নতার সাধনা করেছেন।”

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে একক রবীন্দ্রসংগীত পরিবেশন করেন কাদেরী কিবরিয়া।

ছায়ানটের আয়োজন

রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস উপলক্ষে ছায়ানট স্মরণ অনুষ্ঠানের আয়োজন করে। রোববার সন্ধ্যায় ছায়ানট ভবনের প্রধান মিলনায়তন দর্শক-শ্রোতায় পূর্ণ হয়ে উঠেছিল। ‘বাজাও তুমি কবি’ সম্মিলিত কণ্ঠে এ গানের মধ্য দিয়ে শুরু হয় ছায়ানটের আয়োজন।

শিল্পীরা গেয়ে শোনান ‘বাদল-বাউল বাজায় রে, ‘কোন পুরাতন প্রাণের টানে’ ও ‘শ্রাবণের গগনের গায়’।

জহিরুল হক খান ও শামীমা নাজনীনের ‘কর্ণ কুন্তী সংবাদ’কবিতার আবৃত্তি মুগ্ধতা ছড়িয়েছে মিলনায়তনে। এছাড়াও আবৃত্তি করেন এটিএম জাহাঙ্গীর।

রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনান লাইসা আহমেদ লিসা, মোস্তাফিজুর রহমান তুর্য, ফারজানা আক্তার পপি, সেজুঁতি বড়ুয়া, ইফফাত আরা দেওয়ান, আব্দুল ওয়াদুদ, সেমন্তী মঞ্জরী, সুকান্ত চক্রবর্তী, সুতপা সাহা ও নাঈমা ইসলাম নাজ।

শিলাইদহ কুঠিবাড়ির অনুষ্ঠান

বাংলা একাডেমি ও প্রত্নতত্ত্ব অধিদপ্তর আগামী ২৪শে শ্রাবণ (৮ অগাস্ট) বিকালে শিলাইদহের কুঠিবাড়ির বকুলতলায় বিশেষজ্ঞ বক্তৃতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।

অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেবেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক মো. আলতাফ হোসেন। ‘লোকসংস্কৃতি, পল্লী পুনর্গঠন এবং রবীন্দ্রনাথ’ শীর্ষক বক্তৃতা দেবেন পশ্চিমবঙ্গের রবীন্দ্র গবেষক অরুণেন্দু বন্দ্যোপাধ্যায় এবং সুদেষ্ণা বন্দ্যোপাধ্যায়। প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। সভাপতিত্ব করবেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. জহির রায়হান।