চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বিত পদক্ষেপ কেন নয়
চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে দ্রুত এবং সমন্বিত পদক্ষেপ গ্রহণের নির্দেশনা কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছে হাই কোর্ট।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রোববার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাই কোর্ট বেঞ্চ এই রুল দেয়।
স্থানীয় সরকার সচিব, গণপূর্ত সচিব, চট্টগ্রামের মেয়র ও প্রধান নির্বাহী কর্মকর্তা, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মহিউদ্দিন মো. হানিফ নিজেই। সঙ্গে ছিলেন ব্যারিস্টার কাজী আকতার হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল খায়রুন্নেসা ও শামস-উদ-দৌলা তালুকদার।
পরে রিটকারী আইনজীবী হানিফ বিডিনিউজটোয়েন্টিফোর ডটকমকে বলন, “জলাবদ্ধতা নিরসনে ১৯৯৫ সালের মাস্টারপ্ল্যান যেটি ১৯৯৯ সালে গেজেট আকারে প্রকাশিত হয় সেটি কেন বাস্তবায়ন করা হবে না, আদালত সেই বিষয়েও বিবাদীদের কাছে জানতে চেয়েছে।”
জনপ্রতিনিধিরা চট্টগ্রামকে আধুনিক উন্নত নগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে এলেও জলাবদ্ধতার সঙ্কটই তারা দূর করতে পারছেন না। প্রতিবছর বর্ষায় বন্দরনগরী চট্টগ্রাম বার বার সংবাদ শিরোনামে আসছে জলাবদ্ধতার যন্ত্রণা আর জনদুর্ভোগের খবর নিয়ে।
চলতি বছর পরিস্থিতি এতটাই খারাপ আকার ধারণ করেছে যে, ভারি বৃষ্টি হলেই চট্টগ্রাম নগরীর অর্ধেক এলাকায় পানি জমে যাচ্ছে। জোয়ারের সময় পানি নামতে দেরি হওয়ায় বাড়ছে ভোগান্তি। কেবল জুলাই মাসেই অন্তত পাঁচ দফা এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বন্দরনগরীতে। আগ্রাবাদে চট্টগ্রাম কর অঞ্চল-৪ এর কর্মকর্তা-কর্মচারীরা নৌকা কিনেছেন।
জলাবদ্ধতা নিরসনে গত ১৪ বছরে চট্টগ্রামে বিভিন্ন প্রকল্পের আওতায় ৩০৪ কোটি টাকা খরচ হলেও কার্যত তা পানিতেই গেছে। ১৯৯৩ সালে ২২ বছর মেয়াদী একটি মহাপরিকল্পনা হাতে নেওয়া হলেও মেয়ররা যার যার মত কাজ করে যাওয়ায় সেই মাস্টারপ্ল্যান কোনো কাজে আসেনি।
আইনজীবী হানিফ বলেন, “দীর্ঘদিন ধরে চট্টগ্রামে অস্বাভাবিক জলাবদ্ধতা বিরাজ করছে। এতে চট্টগ্রামের আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা, হালিশহর, খাতুনগঞ্জ, চাকতাই, কাপাসগোলা, চাদগাঁও, শুলকবহর, বহাদ্দারহাটের জনজীবন বিপর্যস্ত।”
অপরিকল্পিত নগরায়ন, অবৈধ দখলের মাধ্যমে জলাধার ভরাট, অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা কারণে জলাবদ্ধতা চরম আকার ধারণ করেছে। তাছাড়া শহরে প্রতিনিয়ত জোয়ারের পানিও উঠছে। যে কারণে নগরবাসী চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। কর্তৃপক্ষ জলাবদ্ধতা নিরসনে যথেষ্ট পদক্ষেপ না নিয়ে একে অপরকে দোষারোপ করছে।
“এ কারণেই জলাবদ্ধতা নিরসনে সরকারের সকল সংস্থার সমন্বিত পদক্ষেপের নির্দেশনা চেয়ে গত ১ অগাস্ট হাই কোর্টে রিট আবেদন করি। সেই রিট আবেদনটির শুনানি নিয়েই আদালত এই আদেশ দিয়েছে,” বলেন আইনজীবী হানিফ।
