২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ট্রেন থেকে পড়ে রেলকর্মীর মৃত্যু

রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় ট্রেন থেকে পড়ে এক রেলকর্মী নিহত হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2017, 04:34 PM

Updated : 19 Aug 2022, 05:14 PM

নিহত লিয়াকত আলীর (৫১)বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জের বাকিলা বাজারে। বাসবাস করতেন কাঁচপুর এলাকায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া বলেন, “রোববার সকালে ক্যান্টনমেন্ট এলাকায় ট্রেন থেকে পড়ে মাথায় আঘাত পান লিয়াকত।

“হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

রেলকর্মীদের দায়িত্ব বন্টন করা রেলওয়ের ট্রেইনি কর্মকর্তা মো. আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ক্যারিজ অ্যাটেনডেন্ট লিয়াকত তিস্তা ট্রেনে কর্মরত ছিল। ট্রেনটি কমলাপুর থেকে ছেড়েছে। তার কাজ হচ্ছে যাত্রীদের সেবা দেওয়া।”

তিনি বলেন, “সকালে লিয়াকতকে ক্যান্টনম্যান্ট রেলস্টেশনের পাশে অচেতন অবস্থায় পাওয়া যায়।তিনি ট্রেন থেকে পড়ে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। তবে কিভাবে পড়ে গেলেন তা তদন্ত করা হচ্ছে।”

বাসের ধাক্কায় যুবক নিহত

রাজধানীর মতিঝিল শাপলা চত্বরের কাছে রাস্তা পার হওয়ার পর বাসের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন।

নিহতের নাম সেলিম আহম্মদ (২৮)।

সকাল ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে হাসপাতাল ফাঁড়ির এসআই মো. বাচ্চু জানান।

“সেলিম সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কেরিয়ারম্যান ছিলেন,” বলেন তিনি।