২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন রাষ্ট্রপতি

চোখের চিকিৎসা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সাত দিনের সফরে সিঙ্গাপুর গেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2017, 04:13 PM

Updated : 12 Apr 2022, 12:05 AM

রাষ্ট্রপতির উপ প্রেস সচিব মো. আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোববার দুপুর দেড়টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাষ্ট্রপতি সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন।”

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে রাষ্ট্রপতিকে বিদায় জানান।

এছাড়া ডিপ্লোম্যাটিক কোরের ডিন ভ্যাটিকান সিটির রাষ্ট্রদূত জর্জ কোচেরি, তিনবাহিনীর প্রধানসহ পদস্থ বেসামরিক-সামরিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের ন্যাশনাল আই সেন্টারে চোখ এবং মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাবেন আবদুল হামিদ।

চিকিৎসা শেষে আগামী ১২ অগাস্ট তার দেশে ফেরার কথা রয়েছে।

এর আগে গত ২৪ এপ্রিল চিকিৎসার জন্য লন্ডন এবং সেখান থেকে জার্মানির ফ্রাঙ্কফুর্টে গিয়েছিলেন রাষ্ট্রপতি।

সিঙ্গাপুরে গেলেন স্পিকারও

কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) সিঙ্গাপুর ব্রাঞ্চের আমন্ত্রণে স্পিকার শিরীন শারমিন চৌধুরীও রোববার সিঙ্গাপুর গেছেন।

সিপিএ নির্বাহী কমিটির সভাপতি শিরীন শারমিন এই সফর শেষে ১২ অগাস্ট দেশে ফিরবেন বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।