জন্মাষ্টমী ঘিরে ফেইসবুকে অপপ্রচার হলে কঠোর ব্যবস্থা: আইজিপি
হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমীকে কেন্দ্র করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী ফেইসবুক, টুইটার ও ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ।
আগামী ১৪ অগাস্ট জন্মাষ্টমী উপলক্ষে বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরে এক সভায় পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক এ ঘোষণা দেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
তিনি বলেন, জন্মাষ্টমী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
“বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সকল ধর্মের মানুষ পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণভাবে বসবাস করে। অন্য ধর্মের প্রতি সম্মান প্রদর্শন ও সহিষ্ণুতার মধ্য দিয়ে জন্মাষ্টমী উদযাপন করতে হবে ।”
পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থার সাথে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা পরিকল্পনা প্রণয়নের জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।
