২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জঙ্গিদের অর্থদাতা’ গার্মেন্ট মালিকের জামিন

ময়মনসিংহের ত্রিশালে পুলিশ মেরে তিন জঙ্গি ছিনতাইয়ের মামলায় গ্রেপ্তার গার্মেন্ট মালিক গোলাম সারোয়ার রাহাতকে জামিন দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2017, 11:49 PM

Updated : 19 Aug 2022, 05:12 PM

রাহাত জঙ্গি গোষ্ঠী জেএমবিকে অর্থ যোগান দিতেন বলে তাকে গ্রেপ্তারের পর জানিয়েছিল পুলিশ।

তার জামিন বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বৃহস্পতিবার বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এ এন এম বসির উল্লাহর হাই কোর্ট বেঞ্চ মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রাহাতের জামিন মঞ্জুরের আদেশ দেন।

আদালতে রাহাতের পক্ষে শুনানি করেন আইনজীবী নাসির উদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবির।

হাই কোর্টের এই জামিন আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করবেন বলে জানিয়েছেন মনিরুজ্জামান কবির।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত বছর হাই কোর্টের একটি বেঞ্চ গোলাম সরোয়ার রাহাতকে জামিন দেওয়ার পাশাপাশি স্থায়ী জামিন সংক্রান্ত রুল জারি করে। পরে একই বছরের ১৩ জুন আপিল বিভাগ তার জামিন স্থগিত করে রুল নিস্পত্তি করতে হাই কোর্টকে নির্দেশ দেয়।

বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এ এন এম বসির উল্লাহর বেঞ্চে রুলের চূড়ান্ত শুনানি শেষ হয় গত মঙ্গলবার। বৃহস্পতিবার সেটির রায় হল।

২০১৪ সালের ২৩ ফেব্রুয়ারি ময়মনসিংহের ত্রিশালে প্রিজনভ্যান থেকে জেএমবির তিন জঙ্গিকে ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়। আহত হন এক উপপরিদর্শকসহ (এসআই) দুই পুলিশ সদস্য।

এ ঘটনার ২১ দিন পর রাহাতকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাজধানীর কল্যাণপুরে রাহাত ইন্টার ন্যাশনাল গার্মেন্টস নামে একটি পোশাক কারখানা রয়েছে তার।