মুক্তামনির রোগ শনাক্তে বায়োপসি শনিবার
সাতক্ষীরার শিশু মুক্তামনির বিরল রোগ শনাক্তে শনিবার বায়োপসি করা হবে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে সমন্বয়ক সামন্ত লাল সেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় মুক্তামনির খোঁজখবর নিচ্ছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে মুক্তামনিকে সিঙ্গাপুরে চিকিৎসা করাতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল।
“সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। কিন্তু তারা মুক্তামনির চিকিৎসা দিতে অপারগতা প্রকাশ করেছে।”
সামন্ত লাল বলেন, “প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছে দেশেই যেন মুক্তামনির চিকিৎসা দেই। সেজন্য তার প্রকৃত রোগ নির্ণয়ের জন্য বয়োপসি করা হবে শনিবার।”
গত ১১ জুলাই থেকে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন মুক্তামনি।
মুক্তামনির বাবা ইব্রাহিম হোসেন এর আগে জানিয়েছিলেন, দেড় বছর বয়সে মুক্তার ডান হাতে একটি ছোট গোটা দেখা দেয়। পরে তা বাড়তে থাকে। বছর চারেক আগে এমন পর্যায় যায় যে তার স্বাভাবিক চলাফেরা ব্যাহত হয়।
“আক্রান্ত হাতটি তার দেহের চেয়ে ভারি হয়ে উঠেছে। আর শরীর শুকিয়ে যাচ্ছে। সে সব সময় যন্ত্রণায় অস্থির থাকে। ডাক্তার বলছেন, রোগটি তার দেহের সর্বত্র ছড়িয়ে পড়ছে।”
মুক্তার রোগটি ‘হাইপারকেরাটসিস’ কিংবা স্কিন ক্যান্সার হতে পারে বলে সাতক্ষীরা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক মো. নাসিরউদ্দিন জানিয়েছিলেন।
একই ধারনার কথা বলছেন সামন্ত লাল সেনও।
তিনি বলেন, “ধারনা করছি হাইপারকেরাটসিস। তবে বায়োপসি করলে জানা যাবে আসলে কী রোগে আক্রান্ত মুক্তামনি।”
মুক্তামনিকে সুস্থ করে তোলার ব্যাপারে আশা প্রকাশ করে তিনি বলেন, “আবুল বাজনদারকে আমরা ভাল করেছি। তোফা-তহুরাকে অস্ত্রোপচার করে আলাদা করেছি। আশা করছি মুক্তামনিকেও ভালো করতে পারব।”
ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে দুই হাতে গাছের শাখা-প্রশাখার মতো আঁচিল নিয়ে ভর্তি হওয়া খুলনার আবুল বাজনদার কয়েক দফা অস্ত্রোপচারের পর এখন অনেকটাই সুস্থ।
সবশেষ এই হাসপাতালেই গত মঙ্গলবার সফল অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা করা হয় সংযুক্ত শরীরে জন্ম নেওয়া শিশু তোফা-তহুরাকে।
