ব্যাংক শেয়ারে চাঙা পুঁজিবাজার
গত তিন দিনে ডিএসইর সূচকে যোগ হয়েছে ১০০ পয়েন্ট; প্রতিদিন লেনদেনও হয়েছে হাজার কোটি টাকার উপরে।
ব্যাংকের শেয়ারের উপর ভর করেই এই তেজিভাব বলে বাজার বিশ্লেষণে দেখা যায়।
বুধবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত ৩০টি ব্যাংকের মধ্যে ২৯টির শেয়ারেরই দাম বেড়েছে। লেনদেনে শীর্ষে থাকা ২০টি কোম্পানির মধ্যে ১০টিই ছিল ব্যাংক খাতের শেয়ার।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স এদিন বেড়েছে ১৫ পয়েন্টের মতো। মঙ্গলবারও বেড়েছিল ১৫ পয়েন্টের বেশি। সোমবার বেড়েছিল প্রায় ৬০ পয়েন্ট।
বাজার বিশ্লেষণ করতে গিয়ে ডিএসইর সাবেক সভাপতি শাকিল রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ব্যাংকের শেয়ারে বিনিয়োগের জন্য নতুন ফান্ড আসছে। বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে ব্যাংকের শেয়ারে। সে কারণেই বাজারে লেনদেন বাড়ছে।”
সুদের হার কম বলে ব্যাংকে অর্থ রাখার চেয়ে মানুষ এখন ব্যাংকের শেয়ার কিনলে বেশি লাভ পাচ্ছে বলে আগ্রহও বেশি বলে মনে করেন ডিএসইর সাবেক সভাপতি।
ব্যাংক আমানতের সুদের হার অনেক কমে এসেছে। আগে ১১/১২ শতাংশ সুদ পাওয়া গেলেও এখন তা ৪ থেকে ৬ শতাংশে নেমে এসেছে ।
“কিন্তু কিছু ব্যাংক আছে যাদের শেয়ার কিনলে বছর শেষে ১০ শতাংশের বেশি লভ্যাংশ পাওয়া যায়,” বলেন শাকিল রিজভী।
ব্যাংক শেয়ার বিক্রির বেশি হওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “অন্যান্য খাতের শেয়ারের দাম বেড়ে গেছে। সে তুলনায় ব্যাংক খাতের শেয়ারের দাম কম আছে। তাই মানুষ এখানে নতুন টাকা নিয়ে আসছে ।”
পুঁজিবাজারের একটা বড় অংশ ব্যাংক খাতের বলে এই শেয়ারগুলোর লেনদেন বাড়া-কমার প্রভাব বাজারেও পড়ে।
“গত কয়েক দিনে পুঁজিবাজারে যে লেনদেন বেড়েছে, তার পেছনে ব্যাংকের শেয়ার বেশি লেনদেন হওয়াই মূল কারণ,” বলেন রিজভী।
মার্চেন্ট ব্যাংক আইডিএলসির গবেষণায় দেখা গেছে, গত তিন দিনে ডিএসইতে মোট লেনদেনের ৩০ শতাংশর উপরে ছিল ব্যাংকের শেয়ার।
