মিয়ানমার সীমান্ত এলাকায় যৌথ অভিযান চায় বিজিবি
মিয়ানমার সীমান্তে অপরাধ দমনে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হলেও পুরোপুরি সফলতার জন্য অন্যান্য বাহিনীর সংশ্লিষ্টতা প্রয়োজন বলে মনে করছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. আবুল হোসেন।
বুধবার ঢাকার পিলখানায় বিজিবি সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের ২৭১ কিলোমিটার সীমান্ত রয়েছে। এই সীমান্তে চোরাচালান, মাদক ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।
ইতোমধ্যে ওই এলাকায় সার্বক্ষণিক ও বিশেষ নজরদারির জন্য এডহক ভিত্তিতে রিজিওন স্থাপন, সীমান্ত এলাকায় অনু্প্রবেশ, সন্ত্রাসী কার্যক্রম, সশস্ত্র দল চিহ্নিতকরণ এবং দমনে গোয়েন্দা ও প্রতিরক্ষা পরিকল্পনা, মাদক নিয়ন্ত্রণ ও প্রতিরোধে যৌথ অভিযান, সার্বক্ষণিক গোয়েন্দা তদারকি, সীমান্ত সড়ক নির্মাণ এবং প্রতিবেশী সীমান্ত রক্ষীবাহিনীর সঙ্গে সুসম্পর্ক স্থাপনের বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে।
তবে একটি সফল অভিযান পরিচালনা করতে হলে ভূমি, নৌ ও আকাশপথে দক্ষতা থাকতে হয় বলে জানান বিজিবি মহাপরিচালক।
তিনি বলেন, “বিজিবি সব দিক থেকে পারদর্শী নয়। বিভিন্ন এলাকায় সফল অভিযান পরিচালনা করতে হলে সবার এনগেজমেন্ট প্রয়োজন রয়েছে।
“আমাদের নিজস্ব কোনো পাইলট নেই। হেলিকপ্টার ক্রয়ের চিন্তাভাবনা হচ্ছে। সেক্ষেত্রে পাইলট আনতে হবে বিমানবাহিনী থেকে।”
কক্সবাজারের রামুতে বিজিবির নতুন একটি রিজিওন হচ্ছে জানিয়ে তিনি বলেন, “এটা নিয়ে বিজিবির রিজিওন সংখ্যা হবে পাঁচটি। এর ফলে মিয়ানমার সীমান্ত আরও সুরক্ষিত হবে।”
