২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হেমাঙ্গ বিশ্বাসকে জানতে ‘সুরমা নদীর গাংচিল’

উপমহাদেশের প্রখ্যাত গণসঙ্গীতশিল্পী হেমাঙ্গ বিশ্বাসের জীবন ও সঙ্গীত সাধনা নিয়ে ‘সুরমা নদীর গাংচিল’ নামে একটি বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2017, 12:45 AM

Updated : 12 Apr 2022, 12:03 AM

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে বইটির মোড়ক উন্মোচন করেন। এটি সম্পাদনা করেছেন গণসঙ্গীতশিল্পী ফকির আলমগীর।

অর্থমন্ত্রী বলেন, হেমাঙ্গ বিশ্বাসকে শঙ্খচিল বলা হত, শঙ্খচিল নামে তিনি পরিচিত ছিলেন। বড় লোকের ছেলে হয়েও তার বাবার সঙ্গে ঝগড়া করে ২০ বছর বয়সে তিনি ত্যাজ্যপুত্র হন। তখন সিলেট অঞ্চলে ঘুরে বেড়াতেন।

১৯৪৪-৪৫ সালের দিকে হেমাঙ্গ বিশ্বাসকে প্রথম দেখার কথা জানিয়ে সিলেটের সন্তান মুহিত বলেন, “আমি দেখেছি তিনি গলায় হারমোনিয়াম ঝুলিয়ে রাস্তায় উদাত্ত কণ্ঠে গান গাচ্ছেন, এ সময় তার সঙ্গে অন্যান্যরাও গান গাইতেন। তার মন ছিল বিপ্লবী, জীবনটা কাটিয়েছেন গণসঙ্গীত নিয়ে।”

ফকির আলমগীর বইটি উৎসর্গ করেছেন উপমহাদেশের খ্যাতিমান গণসঙ্গীতশিল্পী অজিত পাণ্ডে ও মাহবুবুল হায়দার মোহনকে।

হেমাঙ্গ বিশ্বাস স্মরণে বইটির ভূমিকায় তিনি লিখেছেন, “বাংলা তথা ভারতবর্ষের গণসংস্কৃতি আন্দোলনে হেমাঙ্গ বিশ্বাস একটি অবিস্মরণীয় নাম। প্রগতিশীলতার সঙ্গে লোকসংস্কৃতির মেলবন্ধনের কাজটি যারা করেছিলেন, তাদের অন্যতম হলেন হেমাঙ্গ বিশ্বাস।”

এই বইয়ে এক শুভেচ্ছা বাণীতে সাংবাদিক কামাল লোহানী বলেন, “উপমহাদেশের মহান গণশিল্পী, গণসঙ্গীতের পুরোধা ব্যক্তিত্ব হেমাঙ্গ বিশ্বাস বাংলার অযুত সংগ্রামের ইতিহাস।”

তার রচিত গান, লেখা, চিঠি, আলোকচিত্র বিষয়ে দুই বাংলার লেখকদের লেখা নিয়ে প্রকাশিত ‘সুরমা নদীর গাংচিল’ সঙ্গীত পিপাসু ও শিক্ষার্থীদের উপকারে আসবে বলে মনে করেন তিনি।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অন্যদের মধ্যে কামাল লোহানী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের অধ্যাপক মহুয়া মুখার্জি প্রমুখ বক্তব্য রাখেন।

অনন্যা প্রকাশনী থেকে প্রকাশিত ৩৫০ পৃষ্ঠার বইটির দাম রাখা হয়েছে ৫০০ টাকা।