ক্যানভাসে রঙিন বিমূর্ততা
জন্ম-মৃত্যুর খেলা এই জীবন, এই জীবন কখনও রঙিন, কখনও আবার রূঢ় বাস্তবতায় ধূসর-বিবর্ণ।জীবনের এই পালাবদলের খেলাকে শিল্পী মাকসুদা ইকবাল নিপা দেখেছেন নানা মাত্রিকতায়, পরে তার তৈলচিত্রের ক্যানভাসে হাজির করেছেন রঙিন বিমূর্ততায়।
নিপার আঁকা তেমনই ২০টি ছবি নিয়ে মঙ্গলবার জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালি গ্যালারিতে শুরু হয়েছে এক চিত্রপ্রদর্শনী। জাতীয় জাদুঘরের সঙ্গে প্রদর্শনীটি যৌথভাবে আয়োজন করেছে গ্যালারি কসমস।
মঙ্গলবার বিকালে প্রদর্শনীর উদ্বোধন করেন সাবেক রাষ্ট্রদূত ও বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সভাপতি ফারুক সোবহান, বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত এএইচএন সেওং-দু এবং অস্ট্রেলিয়ান হাইকমিশনার জুলিয়া নিবালেত।
প্রদর্শনীর আগে মাকসুদা ইকবাল নিপার চিত্রকর্ম বিষয়ক প্রকাশনা গ্রন্থ ‘মাকসুদা ইকবাল নিপা- এপিসোডস অফ হার গেইজ’ এর মোড়ক উন্মোচন করেন অতিথিরা।
ফারুক সোবহান বলেন, “নিপার তৈলচিত্রে এক ভিন্ন মাত্রিকতার ছোঁয়া দেখতে পেলাম। বিশালাকার ক্যানভাসে রঙের কারুকাজ, বর্ণ বিচিত্রতার প্রশংসা করতেই হয়। ভিন্নধারার এমন ছবিতে সত্যি চোখ জুড়িয়ে গেল।”
অস্ট্রেলিয়ার হাইকমিশনার জুলিয়া নিবালেত বলেন, “নিপা তার ছবিতে রঙের তীব্রতা আর বিচিত্রতায় জীবনকে উপস্থাপন করেছে বিমূর্তরূপে। মনে হয় যেন প্রতি ক্ষণে বদলে যাওয়ার জীবনের এই খণ্ডচিত্র দেখছি এখানে।”
নিপার তৈলচিত্রে উঠে আসে জীবনের নানা বাঁকবদলের গল্প। জীবনকেই এক বিশাল ক্যানভাস হিসেবে ভেবে নিপা তাতে চড়িয়েছেন নানা রঙ। তাতে কখনও উচ্ছ্বাসের উজ্জ্বলতা, কখনও মনমরা হলদে বাতাসের আনাগোণা।জীবনের বক্র পথরেখায় কখনও শোনা যায় আনন্দ গান, কখনও বাজে বিষাদের সুর। জীবনের অহমে আর আনন্দ-উচ্ছ্বাসে নিপা নীল রঙের আশ্রয়ী, বিষাদে তিনি খুঁজেছেন হালকা বা গাঢ় হলদে রঙ।
১০ অগাস্ট পর্যন্ত শনি থেকে বুধ প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত ও শুক্রবার দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত খোলা থাকবে প্রদর্শনী।
