সম্প্রচার নীতিমালা প্রায় চূড়ান্ত: তথ্যমন্ত্রী
সম্প্রচার নীতিমালার খসড়া প্রায় চূড়ান্ত পর্যায়ে জানিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, মন্ত্রিপরিষদ অনুমোদন দিলে আগামী অক্টোবরে তা সংসদে উপস্থাপন করা যাবে।
মঙ্গলবার তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন ‘অ্যাটকো’র নেতাদের সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন।
সম্প্রচার নীতিমালা নিয়ে দুই বছর ধরে আলোচনা এবং অংশীজনদের মতামত নেওয়ার কথা জানিয়ে মন্ত্রী বলেন, “সম্প্রচার আইন মন্ত্রিপরিষদে যাওয়ার অপেক্ষায় রয়েছে। আমরা আশা করছি, মন্ত্রিপরিষদ অনুমতি দিলে আগামী অক্টোবরে সংসদে আইনটি পাঠাতে পারব।”
এর আওতায় সম্প্রচার কমিশন গঠন হলে সবাই উপকৃত হবে বলে মন্তব্য করেন ইনু।
“সমগ্র ইলেকট্রনিক মিডিয়া বা সম্প্রচারের জগতটাই এই কমিশনের আওতায় আসবে। সেখানে আপনার নিরাপত্তাও হবে, গ্রাহকদের নিরাপত্তা এবং সরকারেরও নিরাপত্তা হবে। এ আইন টেলিভিশন ও সম্প্রচারমাধ্যমকে আইনগত নিরাপত্তা দেবে।”
মন্ত্রিসভায় পাঠানোর আগে নীতিমালার খসড়া একবার দেখানোর অনুরোধ জানান অ্যাটকোর জ্যেষ্ঠ সহ-সভাপতি একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু।
তিনি বলেন, “আমাদের মধ্যে কেউ কেউ কমিটির সদস্য ছিলাম। নতুন কিছু ইনপুট দেব না. যদি গ্রস কিছু চোখে পড়ে, শুধু চোখ বোলাতে চাই। আপনাদের মাধ্যমেই তো সংশোধন করার সুযোগ আছে।”
সভা শেষে এসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) সভাপতি ইনডিপেনডেন্ট টেলিভিশন লিমিটেডের চেয়ারম্যান সালমান এফ রহমান বলেন, “কিছুক্ষণ আগে নোয়াবের (নিউজপেপারস ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ) সাথে আমাদের মিটিং হয়েছে। আমরা নোয়াব ও অ্যাটেকো যৌথভাবে স্বীকার করছি যে, ডিজিটাল স্পেসে যে চ্যালেঞ্জ বা সমস্যা আছে তা আমাদের ফেইস করতে হবে।
“ডিজিটাল স্পেস এখন এমনভাবে হয়ে গেছে যে শুধু সরকার না, আমরাও বিব্রত হয়ে যেতে পারি এবং হচ্ছি। ঘটনাগুলো ঘটছে, যে জিনিসগুলোকে অ্যাটাক করছে, সেগুলো ফেইস করতে হবে।”
এসব চ্যালেঞ্জ কীভাবে মোকাবেলা করা যায় তা নিয়ে অ্যাটকো ও নোয়াব যৌথভাবে সরকারের সাথে বসতে চায় বলে সভায় জানান সালমান এফ রহমান।
এ সময় তথ্যমন্ত্রী বলেন, “ডিজিটাল জগতে যে ডিজিটাল অপরাধ হচ্ছে, যে নৈরাজ্য হচ্ছে, সেই নৈরাজ্য মোকাবেলা করা দরকার। এ ব্যাপারে অ্যাটকো ও তথ্য মন্ত্রণালয় একমত হয়েছি। তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারের কাছে তারা পরামর্শ দেওয়ার জন্য একমত হয়েছেন। আমরা স্বাগত জানিয়েছি।”
খুলনায় প্রতিমন্ত্রীর বিতরণ করা ছাগলের মৃত্যু নিয়ে ফেইসবুকে স্ট্যাটাস দেওয়ায় ৫৭ ধারার মামলায় সাংবাদিককে কারাগারে নেওয়ার বিষয়ে তথ্যমন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকরা।
জবাবে মন্ত্রী বলেন, “তথ্য মন্ত্রণালয় তো গ্রেপ্তার করেনি, গ্রেপ্তার করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এটা আমি খতিয়ে দেখব, তারপরে আলাপ করব।”
সাংবাদিকদের নবম ওয়েজবোর্ড গঠনে বিলম্বের জন্য তার প্রতি অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ইনু বলেন, “সেটা প্রত্যেক সাংবাদিক এবং নাগরিক যে কোনো মন্ত্রীর কার্যক্রম দ্রুত হচ্ছে, না শ্লথ হচ্ছে- এ ব্যাপারে সমালোচনা করতে পারে। আমার তাতে কোনো অসুবিধা নাই।”
বৈঠকে তথ্য সচিব মর্তুজা আহমদসহ অ্যাটেকোর নেতারা উপস্থিত ছিলেন।
