ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ চলছেই
শিক্ষক লাঞ্ছনাকারী কর্মকর্তাদের শাস্তির দাবিতে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আগের দুদিন রাজধানীর মহাখালীতে ভবনের ভেতরে বিক্ষোভ করলেও মঙ্গলবার কর্তৃপক্ষ বের করে দিলে তারা বাইরে অবস্থান নিয়ে মিছিল-স্লোগান দেয়।
রেজিস্ট্রারসহ কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ তদন্তে বেসরকারি বিশ্ববিদ্যালয়টির কর্তৃপক্ষ একটি কমিটি করে তাদের সাত দিন সময় দিয়েছে, যা প্রত্যাখ্যান করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
আইন বিভাগের শিক্ষক ফারহান উদ্দিন আহমেদ রেজিস্ট্রার মুহাম্মদ শাহুল আফজালের বিরুদ্ধে অভিযোগ আনার পর রোববার থেকে উত্তেজনা চলছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে।
সোমবার দিনভর বিক্ষোভ এবং উপাচার্যকে আটকে দেওয়ার পর মঙ্গলবার সকালেও কয়েকটি ভবন নিয়ে চলমান ওই ক্যাম্পাসে জড়ো হন শিক্ষার্থীরা।
শুরুতে বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। তারা রেজিস্ট্রার শাহুল আফজাল, সহকারী রেজিস্ট্রার মাহি উদ্দিন ও সহশিক্ষা কার্যক্রমের সিনিয়র অফিসার জাভেদ রাসেলকে বরখাস্তের দাবি জানান।
পরে শিক্ষার্থীদের ভবনের বাইরে সড়কে বিক্ষোভ চালাতে দেখা যায়। শিক্ষার্থীদের অভিযোগ, তাদের বের করে দিয়েছে নিরাপত্তাকর্মীরা।
আন্দোলনরত শিক্ষার্থী কামরুন্নাহার ডোনা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশ্ববিদ্যালয়ের ভাড়াটে গার্ড আমাকে ধাক্কা দিয়ে ভেতর থেকে বের করে দিয়েছে।”
ভবনগুলোর ফটকে থাকা নিরাপত্তাকর্মীরা সাংবাদিকদেরও ঢুকতে না দেওয়ায় বিশ্ববিদ্যালয়টির কোনো কর্মকর্তার সঙ্গে কথা বলা যায়নি।
মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠনের কথা জানানো হয়। তদন্ত কমিটিকে ৭ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়।
তবে এই তদন্ত কমিটিকে প্রত্যাখ্যান করে নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা ২৪ ঘণ্টার মধ্যে এর সমাধান চেয়েছিলাম। কিন্তু প্রশাসন সবকিছু ধামাচাপা দেওয়ার জন্যই ৭ দিনের সময় নিয়েছে।”
বিক্ষোভের মুখে সোমবার বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক সৈয়দ সাদ আন্দালিব এক বার্তায় বলেছিলেন, তিনি পরিস্থিতির ‘শান্তিপূর্ণ অবসান’ চান।
দ্বিতীয় দিনের মতো বিক্ষোভে শিক্ষার্থীরা
বিক্ষোভে শিক্ষক ফারহানও রয়েছেন। তিনি ইতোমধ্যে শাহুল আফজাল, মাহি উদ্দিন ও জাভেদ রাসেলকে আসামি করে পুলিশে অভিযোগ করেছেন।
ফারহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বনানী থানায় মামলা করতে যাই। কিন্তু পুলিশ বলেছে, ইনভেস্টিগেট করে কেস নেবে।”
চুক্তিভিত্তিক নিয়োগে শিক্ষকতা করছিলেন বিশ্ববিদ্যালয়টির সাবেক শিক্ষার্থী ফারহান। তার দাবি, চুক্তির মেয়াদ ৩০ অগাস্ট পর্যন্ত হলেও তার আগেই তাকে কর্মচ্যুত করে নোটিস দেওয়া হয়েছিল। তার প্রতিবাদ করলে তার উপর হামলা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক আইন বিভাগের এক শিক্ষার্থী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের দশম সেমিস্টার প্রায় শেষ। আর দু-তিনটা ক্লাস পরই কোর্স শেষ হওয়ার কথা। কিন্তু তার আগেই ফারহান স্যারের ক্লাস বন্ধ করে দেওয়া হয় এবং অন্য শিক্ষকদের দিয়ে ক্লাস নেওয়ানো হয়।
“কিন্তু অন্য শিক্ষকরা শেষ পর্যায়ে এসে ক্লাস নেওয়ায় আমাদের কোর্সটি আটকে গেছে, অথচ সামনে আমাদের সেমিস্টার ফাইনাল।”
আন্দোলনরত আরেক শিক্ষার্থী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফারহান স্যার আমাদের বিভাগের একজন সৎ ও মেধাবী শিক্ষক। উনাকে যেভাবে লাঞ্ছিত করা হয়েছে, তা মেনে নেওয়া যায় না। যারা তাকে লাঞ্ছিত করেছে, তাদের শাস্তি না হওয়া পর্যন্ত আমরা আমাদের বিক্ষোভ চালিয়ে যাব।”
