হারুনার রশিদ খান মুন্নু মারা গেছেন
বিএনপি নেতা ও শিল্পপতি হারুনার রশিদ খান মুন্নু মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৬ বছর।
মঙ্গলবার ভোরে মানিকগঞ্জে নিজের প্রতিষ্ঠিত মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম শান্ত।
মুন্নু কয়েক বছর ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। গত ২২ জুলাই শারীরিক অবস্থার অবনতি হলে মুন্নুকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা উন্নতি হওয়ায় সেখান থেকে সোমবার বিকেলে তাকে মানিকগঞ্জে নেওয়া হয়েছিল।
পরিবারের সদস্যরা জানান, লন্ডন থেকে ছোট মেয়ে আফরোজা খান রীতা দেশে ফেরার পর তার দাফন হবে।
মুন্নু স্ত্রী হুরন্নাহার খানমসহ দুই মেয়ে রেখে গেছেন। তার বড় মেয়ে আফরোজা মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন। তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি।
আর ছোট মেয়ে ফিরোজা মাহমুদ পারভীন দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের স্ত্রী।
বিএনপি চেয়ারপারসন ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আলাদা শোকবার্তায় দলের নেতা মুন্নুর মৃত্যুতে শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
হারুনার রশিদ খান মুন্নু ১৯৩৩ সালের ১৭ আগস্ট জন্মগ্রহণ করেন। ১৯৫২ সালে মানিকগঞ্জ মডেল হাই স্কুল থেকে ম্যাট্রিক, জগন্নাথ কলেজ থেকে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক ও স্নাতক (পাস) এবং পরবর্তীতে চার্টার্ড অ্যাকাউন্ট (সিএ) কোর্স শেষ করেন।
সিরামিক শিল্পে দেশের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রির মালিক হারুনার রশিদ খান মুন্নু ১৯৯১ ও ১৯৯৬ সালে মানিকগঞ্জ-২ (শিবালয়-হরিরামপুর) আসন থেকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন।
২০০১ সালে মানিকগঞ্জ-৩ আসন (সদর-সাটুরিয়া) থেকে সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি খালেদা জিয়ার সরকারের মন্ত্রিসভায়ও ঠাঁই পান তিনি।
মানিকগঞ্জে বিএনপির প্রবীণতম এই সদস্য জেলা শাখার সভাপতি এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টামণ্ডলীর সদস্য ছিলেন।
মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মানবসম্পদ বিভাগের পরিচালক আবদুল আউয়াল জানান, হারুনার রশিদ মুন্নুর মরদেহ ঢাকায় বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে প্রথম জানাজা এবং ষষ্ঠ ও শেষ জানাজা মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল মাঠে হওয়ার কথা রয়েছে। এরপর গিলন্ড এলাকায় মুন্নু সিটিতে মসজিদের পাশে মুন্নুকে দাফন করা হবে।
এর মধ্যে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা, ধামরাইয়ের মুন্নু সিরামিকস, মানিকগঞ্জ শহরের সরকারি দেবেন্দ্র কলেজ মাঠ ও জন্মস্থান হরিরামপুরের পাটগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে চারটি জানাজা হবে।
মুন্নু আর্ট প্রেসের মাধ্যমে এই শিল্পপতির কর্মযজ্ঞ শুরু হয়েছিল, তার পূর্ণতা পায় মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ প্রতিষ্ঠার মধ্য দিয়ে। তিনি মুন্নু সিরামিক, মুন্নু জুটেক্স ইন্ডাস্ট্রিজ, মুন্নু ফেব্রিকস ও মুন্নু অ্যাটায়ার লিমিটেডসহ বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করেছেন।
মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মাধ্যমে তিনি শিক্ষা ও সমাজ উন্নয়নে অবদান রেখেছেন। মুন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, মুন্নু নার্সিং ইনস্টিটিউট ও মুন্নু ইন্টারন্যাশনাল ইংলিশ স্কুল অ্যান্ড কলেজসহ বেশকিছু প্রতিষ্ঠান গড়েছেন।
