বাল্যবিয়ে বন্ধে গণমাধ্যমের প্রচারণা ভূমিকা রাখবে: ইনু
বাল্যবিয়ে বন্ধে সারা দেশে গণমাধ্যমের প্রচার কার্যকর ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বাল্যবিয়ে বন্ধ করার লক্ষ্যে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে আচরণগত ও সামাজিক পরিবর্তন ঘটাতে সোমবার জাতীয় মাল্টিমিডিয়া প্রচারণার উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন তথ্যমন্ত্রী।
রাজধানীর হোটেল সোনার গাঁয়ের বলরুমে এ অনুষ্ঠান হয়।
ইনু বলেন, “বাল্যবিয়ে বন্ধ করতে দেশব্যাপী গণমাধ্যমের প্রচারণা একটি কার্যকর ভূমিকা পালন করবে। আমাদের আইন থাকার পরেও বাল্যবিয়ে হচ্ছে। আর সে কারণেই এই প্রচারণা।
“তবে শুধু মেয়েরাই নয়, ছেলেদেরও ২১ বছরের নিচে বিয়ে আইনত দণ্ডনীয়। এটিও প্রচারণার অধীনে আনতে হবে।”
বাল্যবিয়ের নেতিবাচকগুলোকে প্রচারণায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, “বাল্যবিয়ের ফলে প্রজনন অধিকার ও যৌন অধিকার- এই দুটি মানবাধিকার লঙ্ঘন হয়। এটি একটি শিশুকে শিক্ষার অধিকার থেকে, যৌনস্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত করে। তাকে নির্যাতনের দিকে ঠেলে দেয়, ক্ষেত্রবিশেষে মেয়েদের মৃত্যুর দিকে ঠেলে দেয়। তাই প্রচারণার সময় বাল্যবিয়ের ফলে যে ক্ষতিগুলো হয়, সেটা তুলে ধরতে হবে।
“বাল্যবিয়ের ফলে অনিরাপদ গর্ভপাত, অনেক ক্ষেত্রে পঙ্গুত্ব, যৌন সংক্রমণ রোগ, লিঙ্গ নির্যাতন, এমনকি বন্ধ্যাত্বের সম্ভাবনা থাকে। এ বিষয়গুলোতেও জোর দিয়ে প্রচারণা করতে হবে।”
অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বাল্যবিয়ে রোধ করতে সবাইকে একই স্লোগানে এক সাথে কাজ করার আহবান জানান।
এক্ষেত্রে সরকারের নানা কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, “যখন সরকার কোনো বিষয়ে সোচ্চার থাকে, তখন তার আওতাধীন কর্মকর্তারাও সোচ্চার থাকে। ইতোমধ্যে বিভিন্ন জেলা-উপজেলায় আমাদের ইউএনও, ডিসি, জনপ্রতিনিধিসহ বিভিন্ন সংস্থা মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছেন; যার ফলশ্রুতিতেই বাল্যবিয়ে কমে এসেছে।
“আমাদের বাল্যবিয়ে নিরোধে যে আইনটি আছে, সেটিকে আমরা কঠোর আইন হিসেবে কাজে লাগানোর জন্য ব্যবস্থা গ্রহণ করেছি।”
‘বাল্যবিয়ে রুখতে হলে, আওয়াজ তোলো তালে তালে’- এ স্লোগানকে সামনে রেখে ইউনিসেফ, ইউএনএফপিএ ও কানাডার সহায়তায় এ প্রচরণার শুরু করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
অনুষ্ঠানে ইউনিসেফের বাংলাদেশের প্রতিনিধি এডওয়ার্ড বেগবেদার বলেন, “এই প্রচারাভিযান বাল্যবিয়ে বন্ধে চলমান কার্যক্রম জোরদার করতে বাংলাদেশের কর্মপরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ। মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে এটি কার্যকর ভূমিকা পালন করবে।”
বাল্য বিয়ে সংক্রান্ত সরকারি ঘোষণা ও বাল্যবিয়ের ঘটনার ওপর ভিত্তি করে ধারাবাহিক নাটক টেলিভিশন ও রেডিওতে সম্প্রচার করা এই প্রচারাভিযানের অংশ। মুদ্রণ ও সম্প্রচার মাধ্যম ছাড়াও ফেসবুক, ইউটিউব, ইনস্ট্রাগ্রামের মতো ডিজিটাল মিডিয়ার মাধ্যমেও এ প্রচারণা চালানো হবে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাই কমিশনার বিনোয়েত পিয়েরে লারামি।
