২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমপি লতিফের মামলা খারিজের আদেশ নিয়ে হাই কোর্টের রুল

বঙ্গবন্ধুর ছবি বিকৃতির অভিযোগে চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম এ লতিফের বিরুদ্ধে করা মানহানির মামলা খারিজের আদেশ কেন বাতিল করা হবে না- তা জানতে চেয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2017, 07:13 PM

Updated : 11 Oct 2022, 02:19 PM

পুরনো খবর:

বঙ্গবন্ধুর ছবি বিকৃতি: সাংসদ লতিফের মানহানি মামলায় রিভিশন
বঙ্গবন্ধুর ছবি বিকৃতি: সাংসদ লতিফের বিরুদ্ধে দুই মামলা খারিজ
বঙ্গবন্ধুর ছবিতে দেহটা লতিফের, দায় নিলেন ডিজাইনার
হাজার কোটি টাকার মানহানি মামলা এমপি লতিফের নামে

ওই মামলার বাদীর করা রিভিশন আবেদনের শুনানি নিয়ে বিচারপতি এ কে এ আব্দুল হাকিম ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাই কোর্ট বেঞ্চ সোমবার এই রুল জারির পাশাপাশি মামলার নথি তলব করেছে।

আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী অজয় শংকর ভৌমিক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হারুন অর রশিদ।

অজয় শংকর পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ম্যাজিস্ট্রেট কোর্ট মামলাটি ২০৩ ধারায় খারিজ করে দেয়। এর বিরুদ্ধে রিভিশন করলে জজ কোর্টও তা খারিজ করে দেয়। পরে হাই কোর্টে রিভিশন আবেদন করা হয়। সে আবেদনের শুনানি নিয়ে হাই কোর্ট রুল জারি করেছে।”

সংসদ সদস্য এম এ লতিফ এবং রাষ্ট্রকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

২০১৬ সালের ৩০ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রাম সফরের আগে নিজের নির্বাচনী এলাকায় সড়কের পাশে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত কয়েক ডজন বিলবোর্ড লাগান লতিফ।

ছবিগুলো নিয়ে ফেইসবুকে তুমুল আলোচনার মধ্যে ডিজাইনার জানান, লতিফের দেহাবয়বে তিনি বঙ্গবন্ধুর মাথার ছবি বসিয়ে দিয়েছেন।

Image
এম এ লতিফের নামে এই দুটি বিলবোর্ড লাগানো হয়েছিল বন্দর নগরীতে

এম এ লতিফের নামে এই দুটি বিলবোর্ড লাগানো হয়েছিল বন্দর নগরীতে

ওই ঘটনায় গতবছর ৪ ফেব্রুয়ারি এম এ লতিফের বিরুদ্ধে হাজার কোটি টাকার মানহানির মামলা করেন সাবেক যুবলীগ নেতা সাইফুদ্দিন আহমেদ রবি।

এরপর ৯ ফেব্রুয়ারি তথ্য-প্রযুক্তি আইনে করা আরেক মামলায় লতিফের পাশাপাশি তার সহযোগী মো. আমজাদ, চট্টগ্রাম চেম্বারের কর্মচারী রাজীব দাশ এবং বিজ্ঞাপনী সংস্থা হায়দার প্রিন্টার্সের চিফ ডিজাইনার কবির হোসেন বাবুসহ অজ্ঞাতপরিচয় আরও ২০-২৫ জনকে আসামি করেন রবি।

এর মধ্যে তথ্য প্রযুক্তি আইনের মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং মানহানির মামলাটি গোয়েন্দা পুলিশ তদন্ত করে। দুই তদন্ত প্রতিবেদনেই বলা হয়, তদন্তে ছবি বিকৃতির প্রমাণ পাওয়া যায়নি।

ওই প্রতিবেদন গ্রহণ করে চট্টগ্রামের মহানগর হাকিম আল ইমরান গত ৮ মার্চ মামলা দুটি খারিজ করে দেন। পরে জজ আদালতও একই সিদ্ধান্ত দিলে মামলার বাদি হাই কোর্টে আসেন।

চট্টগ্রাম চেম্বারের সভাপতি লতিফ ২০০৮ সালে হঠাৎ করেই আওয়ামী লীগের মনোনয়নে চট্টগ্রাম বন্দর আসনে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালের নির্বাচনে জিতে টানা দ্বিতীয়বার সংসদে আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করছেন তিনি।

আওয়ামী লীগের সংসদ সদস্য হওয়ার এক বছর পর চট্টগ্রামে এক অনুষ্ঠানে যুদ্ধাপরাধের অভিযোগের মুখে থাকা মাওলানা শামসুদ্দিন এবং জামায়াতের তৎকালীন নায়েবে আমির আফসার উদ্দিন চৌধুরীর সঙ্গে মঞ্চে উঠে সমালোচনায় পড়েছিলেন লতিফ।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিনবিরোধী শিবিরে থাকা লতিফ বরাবরই তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ প্রত্যাখ্যান করে আসছেন।