মুক্তিযোদ্ধা জিয়াউদ্দিনের মৃত্যুতে মন্ত্রিসভার শোক
একাত্তরে সুন্দরব্ন অঞ্চলে মুক্তিবাহিনীর নেতৃত্ব দেওয়া অবসরপ্রাপ্ত মেজর জিয়াউদ্দিন আহমেদের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করেছে মন্ত্রিসভা।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকের শুরুতেই এই শোক প্রস্তাব নেওয়া হয় বলে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের জানিয়েছেন।
তিনি বলেন, “বঙ্গবন্ধু হত্যা মামলার অন্যতম সাক্ষী এবং মুক্তিযুদ্ধে ৯ নম্বর সেক্টরে সাব-সেক্টর কমান্ডার মেজর (অব.) জিয়াউদ্দিন আহমেদের মৃত্যুতে মন্ত্রিসভা শোক প্রস্তাব গ্রহণ করেছে।”
গত ২৮ জুলাই সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জিয়াউদ্দিন (৬৭)। দীর্ঘদিন ধরে তিনি লিভার সিরোসিসে ভুগছিলেন।
জিয়াউদ্দিন আহমেদ সেনাবাহিনীতে যোগ দেন ১৯৬৯ সালে। মুক্তিযুদ্ধে ৯ নম্বর সেক্টরে মেজর এম এ জলিলের অধীনে একজন সাব-সেক্টর কমান্ডার ছিলেন তিনি।
কর্নেল তাহেরের অনুসারী মেজর জিয়াউদ্দিন ১৯৭৫ সালের ৭ নভেম্বরের পর সুন্দরবনে আশ্রয় নেন। পরে সুন্দরবনে সেনা অভিযানে গ্রেপ্তার হন তিনি।
সামরিক আদালতে বিচারের নামে কর্নেল তাহেরকে ফাঁসিতে ঝোলানোর পাশাপাশি জিয়াউদ্দিনকেও ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। ১৯৮০ সালে রাষ্ট্রপতির সাধারণ ক্ষমায় মুক্তি পান তিনি।
মেজর জিয়াউদ্দিন আহমেদ
একাত্তরে সুন্দরবন অঞ্চলকে শত্রুমুক্ত রাখতে নেতৃত্ব দেওয়া এই মুক্তিযোদ্ধা পরে ‘সুন্দরবন বাঁচাও’ নামে একটি অরাজনৈতিক সংগঠন তোলেন। স্থানীয়ভাবে তাকে ডাকা হতো সুন্দরবনের ‘মুকুটহীন সম্রাট’ নামে।
মৎস্যজীবীদের সংগঠন দুবলা ফিশারম্যান গ্রুপের চেয়ারম্যান জিয়াউদ্দিন সুন্দরবন এলাকায় ডাকাত নির্মূল অভিযানেও সক্রিয় ছিলেন। ২০১৩ সালে বনদস্যুদের গুলিতে তিনি আহত হন।
মুক্তিযুদ্ধকালীন সুন্দরবনের বিভিন্ন ঘটনা নিয়ে তিনি ‘সুন্দরবন সমরে ও সুষমায়’ এবং ‘মুক্তিযুদ্ধে সুন্দরবন’ নামে দুটি বইও লিখেছেন।
