চাঁনখারপুলের রেস্তোরাঁয় ঢাবি ছাত্রদের মারধরে ‘মাদ্রাসা ছাত্ররা’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ রাজধানীর চাঁনখারপুলে একটি রেস্তোরাঁয় খেতে যাওয়া মানুষদের মারধর করার অভিযোগ উঠেছে ঢাকা আলিয়া মাদ্রাসার ছাত্রদের বিরুদ্ধে।
রেস্তোরাঁটিতে বসার জায়গা নিয়ে মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় ছাত্রদের মধ্যে কথা কাটাকাটির পর রোববার মধ্যরাতে মারধরের এ ঘটনা ঘটে বলে জানান শাহবাগ থানার ওসি আবুল হাসান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ঢাকা মেডিকেল কলেজের উল্টো দিকে চাঁনখারপুলের পেনাং হোটেলে এ ঘটনা ঘটে।
এতে আহতরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ছাত্র সজল সরকার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. শিমুল এবং ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের সদস্য আরিফ রাব্বী।
এদের মধ্যে শিমুলের মাথা ফেটেছে, আর আরিফের শরীরে জখম হয়েছে।
ওসি আবুল হাসান বলেন, রোববার রাত সাড়ে ১১টার দিকে ওই রেস্তোরাঁয়া খেতে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রের সঙ্গে আলিয়া মাদ্রাসার ছাত্রদের বাকবিতণ্ডা হয়।
পরে আলিয়া মাদ্রাসার ছাত্ররা তাদের ক্যাম্পাস থেকে ৩০/৩৫ ছাত্র নিয়ে এসে রেস্তোরাঁয়া থাকা ছাত্রসহ সবাইকে মারধর করে চলে যায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র সজল সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাত ১২ টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিমুলকে নিয়ে চানখারপুলের পেনাং হোটেলে খেতে বসেছিলাম।
“হঠাৎ ১০/১২ ছেলে জিজ্ঞাসা করে, আপনি কি ভার্সিটির ছাত্র? হ্যাঁ, বলতেই আগে আমার বন্ধু শিমুলকে মারধর করে এবং আমাকেও মারধর করে। আমি দৌড়ে পালালেও শিমুলকে আটকে নির্মমভাবে মারে। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।”
রেস্তোরাঁটিতে খেতে যাওয়া অন্তত ১০ মানুষকে তারা রড, লাঠি ও ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে মারধর করে বলে অভিযোগ করেন সজল।
