চারকোলে আঁকা জীবন
কারও ক্যানভাসে নারী, কারও ক্যানভাসে প্রকৃতির নানা অনুষঙ্গ- মূর্ত ও বিমূর্ত সব ছবিতে উঠে এসেছে যাপিত জীবনের নানা গল্প। নবীন-প্রবীন ১৪ জন শিল্পীর ৪৭টি চিত্রকর্ম নিয়ে উত্তরার গ্যালারি কায়ায় শুরু হয়েছে চিত্রকর্ম প্রদর্শনী ‘চারকোল’।
শুক্রবার সন্ধ্যায় এই প্রদর্শনীর উদ্বোধন করেন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি নিহাদ কবির, বিশেষ অতিথি ছিলেন ভাস্কর হামিদুজ্জামান খান ও শিল্প-সমালোচক মঈনুদ্দীন খালেদ।
মঈনুদ্দীন খালেদ বলেন, “চারকোলের সঙ্গে যাপিত জীবনের যেন এক নিবিড় আত্মীয়তা। কালি-ঝুলি মাখা জীবনের যে এক মিহি মেদুর পর্দা, তা পেন্সিলে আঁকা না গেলেও আঁকা যায় চারকোলে। চারকোলে ক্যানভাসে কেন জানি এক বিশুদ্ধতা, পবিত্রতা খুঁজে পাই।”
প্রদর্শনীতে ঠাঁই পেয়েছে শিল্পী সমরজিৎ রায় চৌধুরী, হাশেম খান, রফিকুন নবী, চন্দ্রশেখর দে, নাজলি লায়লা মনসুর, মোহাম্মদ ইউনুস, জামাল আহমেদ, রণজিৎ দাস, আহমেদ শামসুদ্দোহা, শেখ আফজাল হোসেন, গৌতম চক্রবর্তী, মোহাম্মদ ইকবাল, শেখ মোহাম্মদ রোকুনজ্জামান, আশরাফুল হাসানের চিত্রকর্ম।
রফিকুন নবী বলেন, “চারকোলে বিমূর্ততা ফুটিয়ে তোলা বড় সোজা। আমাদের পর তরুণরাও চারকোলে আঁকাআঁকির প্রতি আকৃষ্ট হয়ে উঠছে। এটা ইতিবাচক।”
চন্দ্রশেখর দে শিরোনামহীন সিরিজ ছবিতে নারীর একান্ত দিনযাপনের গল্প তুলে এনেছেন। চারদেয়ালে বন্দি নারীর গল্প আঁকতে গিয়ে তিনি আশ্রয় নিয়েছেন দৈনন্দিন জীবনের নানা অনুষঙ্গের।
নাজলি লায়লার ছবিতে যুগপৎ উঠে এসেছে রিকশা, নারী আর পূর্ণিমা রাতের গল্প। জামাল আহমেদ, শেখ আফজাল হোসেন, গৌতম চক্রবর্তী, রণজিৎ দাশদের ক্যানভাসেও উঠে আসে নারীর নিত্য সংগ্রামের গল্প। সুন্দরবনের উপকূল উঠে এল আহমেদ শামসুদ্দোহার ক্যানভাসে।
‘চারকোল’ প্রদর্শনী চলবে ১১ অগাস্ট পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে গ্যালারি কায়ার দরজা।
প্রদর্শনীর মিডিয়া পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
