২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জনকল্যাণে নজর দিন: প্রধানমন্ত্রী

জনগণের কল্যাণ নিশ্চিত করতে সরকারি প্রশাসনিক কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2017, 11:16 PM

Updated : 19 Aug 2022, 05:09 PM

প্রশাসনিক কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে তিনি বলেছেন, “এদেশের মানুষের কষ্টার্জিত অর্থ দিয়েই কিন্তু আপনাদের বেতন, আপনাদের জীবনযাপন, আমাদের সকলেরই।

“একথাটা মনে রেখে, একেবারে গ্রাম পর্যায়ে, মাঠ পর্যায়ে পড়ে থাকা তৃণমূলের হতগরিদ্র যে মানুষটা.. তার কল্যাণটা কীভাবে করতে পারি; সে চিন্তা করেই আপনারা কাজ করবেন।”

বার্ষিক উন্নয়ন কর্মসূচিগুলো যেনো দ্রুত বাস্তবায়ন হয় সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেওয়ার আহ্বানও জানান তিনি।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ অ্যাডমিনিস্টেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আগে প্রধানমন্ত্রী বক্তব্য রাখেন।

প্রধানমন্ত্রী বক্তব্যের শুরুতেই বাংলাদেশের স্বাধীনতার আগে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের সরকারি কর্মকর্তাদের বৈষম্যের চিত্র তুলে ধরে বলেন, “এদেশ স্বাধীন হয়েছে বলে এত উচ্চ পদ পাচ্ছেন।

“আপনাদের মূল দায়িত্বটা কী? দায়িত্ব হচ্ছে জনসেবা করা। উন্নয়ন প্রকল্প যাতে বাস্তবায়ন হয়; সঠিক ভাবেতা পর্যবেক্ষণ করা। জেলাভিত্তিক উন্নয়ন চাহিদা নির্ণয় করা। সে মোতাবেক আমরা প্রকল্প যেন গ্রহণ করতে পারি; সেজন্য কেন্দ্রে তথ্য প্রেরণ করা।”

সুষম উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত করতে সরকারের লক্ষ্যের কথাও কর্মকর্তাদের জানান শেখ হাসিনা।

দুর্নীতিমুক্ত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “এই সমাজ থেকে দূর্নীতি দূর করতে হবে। সন্ত্রাস, মাদকাসক্তি এবং জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।” 

সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচিগুলো কার্যকর রাখতে প্রশাসনিক কর্মকর্তাদের আরও উদ্যোগী হতে বলেন শেখ হাসিনা।

“একটি মানুষও গৃহহীন থাকবে না। প্রতিটি মানুষের ঘর করে, তার কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। সে দিকে আপনারা বিশেষভাবে দৃষ্টি দেবেন।”

বাংলাদেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চলে যথাযথ বিনিয়োগ নিশ্চিত করতেও তাদের দৃষ্টি দেওয়ার কথা বলেন তিনি।

মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণে গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, “অনেক জায়গায় গণকবর আছে, অনেক জায়গায় যুদ্ধে গৌরবোজ্জ্বল ইতিহাস আছে। এই ইতিহাসগুলো জাতির সামনে তুলে ধরতে হবে।” 

নারী অধিকার নিশ্চিত করার কথাও বলেন প্রধানমন্ত্রী। 

তিনি বলেন, “জনগণকে স্বল্প সময়ে, কম ব্যয়ে এবং বিনা ভোগান্তিতে সেবা প্রদানের জন্য মাঠ পর্যায় এবং মন্ত্রণালয় পর্যায়ে ইনোভেশন টিম প্রশাসন ক্যাডারের দায়িত্বে রয়েছে।

“বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে নতুন নতুন পদ সৃষ্টি করে দিয়েছি, যা আপনাদের পদোন্নতির সুযোগ করে দিয়েছে।” 

জনপ্রশাসন পদক প্রবর্তন করার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “যথাসময়ে পদোন্নতির ব্যবস্থা করা হচ্ছে। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে সিনিয়র সহকারী সচিব থেকে তদূর্ধ্ব নতুন পদ সৃষ্টি করা হয়েছে।”

কর্মচারীদের জীবন-যাত্রার মান আরও উন্নত করার লক্ষ্যেই নতুন বেতন স্কেলে সর্বোচ্চ ১২২ শতাংশ পর্যন্ত বেতন-ভাতা বৃদ্ধি করার কথা বলেন প্রধানমন্ত্রী। বাংলা নববর্ষে উৎসব ভাতা দেওয়ার কথাও বলেন তিনি।

বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব ফরিদউদ্দীন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এবং মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বক্তব্য রাখেন।

স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক কবির বিন আনোয়ার।