৩০ জুলাইয়ের কর্মসূচি নিয়ে ডিইউজেতে মতবিনিময়
তথ্যমন্ত্রীর হাসানুল হক ইনুর অপসারণ দাবিতে আগামী ৩০ জুলাই সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি সফলে সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের সঙ্গে মতবিনিময় সভা করেছে বিএফইউজে ও ডিইউজে।
সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে ডিইউজে কার্যালয়ে এই মতবিনিময় সভায় সাংবাদিক ইউনিয়ন নেতারা তথ্যমন্ত্রী ইনুকে ‘গণমাধ্যম বিদ্বেষী’ আখ্যায়িত করেন।
সংবাদকর্মীদের নবম ওয়েজবোর্ড ২৯ জুলাইয়ের মধ্যে ঘোষণা করা না হলে ৩০ জুলাই সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচির মধ্য দিয়ে তথ্যমন্ত্রীর অপসারণের দাবিতে আন্দোলন শুরুর ঘোষণা দেওয়া হয়েছে।
গণমাধ্যম মালিকদের সংগঠনের প্রতিনিধির নাম এখনও না আসায় নবম ওয়েজ বোর্ড গঠন করা যাচ্ছে না বলে কয়েকদিন আগেই জানিয়েছিলেন তথ্যমন্ত্রী।
মতবিনিময় সভায় বক্তব্যে সাংবাদিক ইউনিয়ন নেতারা সাংবাদিকদের রুটি-রুজি, মর্যাদা ও নিরাপত্তার ‘মূল বাধা’হিসেবে তথ্যমন্ত্রী ইনুকে চিহ্নিত করেন।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিএফইউজে মহাসচিব ওমর ফারুক, ডিইউজে সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, সাবএডিটর কাউন্সিলের সভাপতি এনামুল হক এনামসহ বাংলাদেশ নিউজপেপার মিডিয়া কম্পিউটার এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন ও বিভিন্ন ইউনিটির নেতারা।
৩০ জুলাইয়ের কর্মসূচি সফলে বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবেডিইউজে কার্যালয়ে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার কথা জানানো হয়েছে।
