২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুশফিকের বাবার আগাম জামিন বহাল

বগুড়ার স্কুলছাত্র মাসুক ফেরদৌস হত্যামামলায় জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিমের বাবা মাহবুব হামিদ তারার আগাম জামিন বহাল রেখেছে আপিল বিভাগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2017, 07:40 PM

Updated : 19 Aug 2022, 05:08 PM

জামিন স্থগিতে রাষ্ট্রপক্ষের আবেদন শুনে সোমবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেয়।

আদালতে মুশফিকের বাবার পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও আইনজীবী জাহিদুল বারি। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খন্দকার দিলীরুজ্জামান।

গত ১৩ মে রাতে বিরোধের জের ধরে বগুড়ার মাটিডালী হাজিপাড়া এলাকায় বাড়ি থেকে ডেকে নিয়ে মাথায় ইঁট দিয়ে আঘাত করে মাটিডালী এসওএস হ্যারম্যান মেইনার স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র মাসুককে (১৪) হত্যা করা হয়।

ঘটনার তিনদিন পর মাসুকের বাবা জাসদের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট ইমদাদুল হক ইমদাদ বাদী হয়ে বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকের বাবা ও চাচাসহ ১৬ জনকে আসামি করে সদর থানায় হত্যা মামলা করেন।

মামলার এজাহারে বলা হয়, মাহবুব হামিদ তারা ও তার ছোট ভাই ওয়ার্ড কাউন্সিলর মেজবাহুল হামিদ মেজবার সঙ্গে পারিবারিক শত্রুতা এবং মাটিডালি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিয়ে বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটায়।

এই মামলায় ১৫ জুন মুশফিকের বাবাকে আট সপ্তাহের আগাম জামিন দেয় ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাই কোর্ট বেঞ্চ।

পরে এই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

পুরনো খবর:

হত্যা মামলায় জামিন পেয়েছেন মুশফিকের বাবা