বিএসএমএমইউর দেয়াল ধসে পথচারীর মৃত্যু
রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের সীমানাপ্রাচীর ধসে পথচারী এক নারীর মৃত্যু হয়েছে।
বুধবার বিকালে বিএসএমএমইউর প্রধান ফটক থেকে বাংলামটরের দিকে এগোতে রূপসী বাংলা হোটেলের উল্টোদিকের দেয়াল ধসে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শকসহ আরও চারজন আহত হয়েছেন বলে শাহবাগ থানার ওসি আবুল হাসান জানান।
নিহত পারভীন আক্তারসহ (৫০) ওই পাঁচজন দেয়াল ঘেঁষা ফুটপাত ধরে যাওয়ার সময় ধসে পড়া ইটের আঘাত পান।
হাসপাতালে নেওয়ার ঘণ্টা দুই পর আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় পারভীন মারা যান বলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হাবিবুর রহমান দুলাল জানান।
ওসি আবুল হাসান জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের উত্তর দিকে খালি জায়গা। এই জায়গায় গাড়ি পার্ক করা হয়। এই খালি জায়গার পূর্ব দিকে প্রধান সড়কের পাশে যে দেয়াল রয়েছে তার একাংশ বিকাল সোয়া ৫টার দিকে ধসে পড়ে। ওই সময় দেয়াল ঘেঁষে থাকা ফুটপাত দিয়ে যাওয়ার পথে ওই পাঁচজন আঘাত পান।
