৯ বছর পর স্ত্রীর জিম্মায় জামিন পিতা হত্যার আসামির
বাবাকে হত্যার অভিযোগে দীর্ঘ নয় বছর কারাবন্দি থাকার পর স্ত্রীর জিম্মায় জামিন পেলেন কুমিল্লার চৌদ্দগ্রামের ছালেহ আহম্মদ ওরফে কালু।
বিচারপতি আব্দুল হাকিম ও বিচারপতি এসএম মজিবুর রহমানের হাই কোর্ট বেঞ্চ বুধবার কালুর জামিন মঞ্জুর করে।
কালুর পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের প্যানেল আইনজীবী অ্যাডভোকেট মিন্টু কুমার মণ্ডল। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হারুন অর রশিদ।
মিন্টু কুমার মণ্ডল পরে সাংবাদিকদের বলেন, ছালেহ আহম্মদ ওরফে কালু তার বাবাকে হত্যার মামলায় ২০০৮ সালের ২৭ ফেব্রুয়ারি থেকে কারাগারে আছেন।
“ওই মামলায় এ পর্যন্ত কোনো সাক্ষ্যগ্রহণ হয়নি। তিনি সিজোফ্রেনিয়ায় আক্রান্ত। এসব বিষয় বিবেচনায় নিয়ে আদালত স্ত্রীর জিম্মায় তার জামিন দিয়েছে।”
আইনজীবী মিন্টু জানান, এর আগে গত ২ জুলাই আদালত জানতে চেয়েছিল- আসামি কালুর কোনো আত্মীয়-স্বজন আছেন কিনা এবং তার পক্ষে কেউ জামিনদার হতে পারবেন কিনা। তা ১৩ জুলাইয়ের মধ্যে জানাতে নির্দেশ দেওয়া হয়েছিল।
পরে তার স্ত্রী জিম্মাদার হতে রাজি হলে আদালত তা মঞ্জুর করে বলে জানান মিন্টু।
