২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাগীব আলী ও ছেলের জামিন আবেদনে আদেশ বৃহস্পতিবার

চা বাগানের দেবোত্তর সম্পত্তি আত্মসাতের মামলায় দণ্ডিত শিল্পপতি রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাইয়ের জামিনের বিষয়ে হাই কোর্টের আদেশ হবে বৃহস্পতিবার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2017, 06:45 PM

Updated : 19 Aug 2022, 05:06 PM

বিচারাধীন আপিলে জামিন আবেদনের শুনানি নিয়ে বুধবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি রাজিক আল জলিলের হাই কোর্ট বেঞ্চ আদেশর জন্য এ দিন ঠিক করেন।

জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আব্দুর রাজ্জাক। রাষ্ট্রপক্ষে ছিলেন সংশ্লিষ্ট আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশিরুল্লাহ।

বশিরুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিভিন্ন গণমাধ্যমে জামিন হয়েছে উল্লেখ করে খবর প্রকাশ হলেও তা সঠিক নয়। ভুল বোঝাবুঝিতে এমনটা হতে পারে। তবে আগামীকাল এ বিষয়ে আদেশ দিবে আদালত।”

ফৌজদারি কার্যবিধির ৪২৬ (২) ধারা অনুযায়ী জামিনের আবেদন করেন দণ্ডিত রাগীব আলী ও তার ছেলে। এই বিধানের আওতায় দণ্ডের বিরুদ্ধে আপিল করার পর তা বিচারাধীন অবস্থায় আসামি

জামিনে মুক্তি পেতে পারেন।

চলতি বছরের ২ ফেব্রুয়ারি সিলেটের মুখ্য মহানগর হাকিমের দেওয়া রায়ে রাগীব আলী ও তার ছেলে হাইকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

এ রায়ের বিরুদ্ধে সিলেট মহানগর দায়রা জজ আদালতে আপিল করেন রাগীব আলী ও তার ছেলে। ওই আপিলে অসুস্থতা ও বয়স উল্লেখ করে জামিন চেয়েও আবেদন করেন তারা।

পরে আদালত বদল হলে ২৪ মে সিলেট বিশেষ দায়রা জজ মো. মফিজুর রহমান ভূঞার আদালত তাদের জামিন নামঞ্জুর করে।

এই আদেশের বিরুদ্ধে ৯ জুলাই হাই কোর্টে আবেদন করেন দণ্ডিত পিতা-পুত্র, যার শুনানি নিয়ে আদালত বৃহস্পতিবার আদেশ দিতে যাচ্ছে।

পুরনো খবর:

সাড়ে ৩ মাস ভারত ঘুরে রাগীব আলী কারাগারে
রাগীব আলী ও ছেলের ১৪ বছর সাজার রায়