২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ছাত্রের পিঠে হাঁটা সেই চেয়ারম্যানের জামিন বাতিল

চাঁদপুরে শিক্ষার্থীদের বানানো ‘মানব সেতুতে’ হাঁটার ঘটনায় নির্যাতনের মামলায় হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যানের জামিন বাতিল করেছে হাই কোর্ট।  

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2017, 01:15 PM

Updated : 19 Aug 2022, 05:06 PM

চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারীকে চার সপ্তাহের মধ্যে চাঁদপুরের মুখ্য বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এক শিক্ষার্থীর অভিভাবকের করা আবেদনে এর আগে দেওয়া রুলের নিষ্পত্তি করে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাই কোর্ট বেঞ্চ বুধবার এ রায় দেয়।

আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মো. শাহরিয়া কবির; সঙ্গে ছিলেন সারওয়ার হোসেন। আর চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারীর পক্ষে শুনানি করেন শ ম রেজাউল করিম।

গত ৩০ জানুয়ারি হাইমচরের নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে হাত রেখে তার ওপর আরেক শিক্ষার্থীকে শুইয়ে বানানো ‘পদ্মা সেতুর’ ওপর দিয়ে হাঁটেন নূর হোসেন পাটোয়ারী।

ওই ঘটনার ছবি ও ভিডিও ফেইসবুকে ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনার ঝড়। গত ১ ফেব্রুয়ারি এক অভিভাবক নূর হোসেন পাটওয়ারী ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি হুমায়ুন আহমেদ, সদস্য আহমেদ ও আবুল বাশারের বিরুদ্ধে মামলা করেন।

স্কুলের ডিসপ্লেতে বানানো মানবসেতুতে ছাত্রের পিঠে হাঁটলেন জনপ্রতিনিধি

 

পরে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) সৈয়দা সারোয়ার জাহান যে তদন্ত প্রতিবেদন দেন, সেখানে অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানিয়ে চেয়ারম্যানসহ তিনজনকে দায়ী করা হয়।

চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী গত ২৯ মার্চ আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে চাঁদপুর শিশু আদালতের বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ মামলার অভিযোগপত্র দাখিল পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।

জামিনের ওই আদেশ বাতিল চেয়ে নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবক রিট আবেদন করলে গত ২৫ এপ্রিল হাই কোর্ট রুল জারি করে।

হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যানের জামিন কেন বাতিল হবে না, তা জানতে চাওয়া হয় রুলে। জেলা প্রশাসক, উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ বিবাদীদের এর জবাব দিতে বলা হয়। এছাড়া শিশু আদালতের বিচারক কোন কর্তৃত্ববলে জামিন দিয়েছেন, তার ব্যাখ্যা জানতে চাওয়া হয়।

ওই রুলের ওপর শুনানি শেষে হাই কোর্ট বুধবার জামিন বাতিল করে হাইমচরের চেয়ারম্যানকে আত্মসমর্পণের নির্দেশ দিল।  

পুরনো খবর:

আত্মসমর্পণ করে জামিন পেলেন হাইমচরের সেই চেয়ারম্যান
ছাত্রের পিঠে হাঁটা: চেয়ারম্যান, স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিবেদন
তদন্ত কমিটিকে চিঠি দিয়ে সেই চেয়ারম‌্যানের ‘ভুল স্বীকার’
ছাত্রের পিঠে হাঁটা সেই জনপ্রতিনিধির বিরুদ্ধে মামলা
ছাত্রের পিঠ ‘পদ্মাসেতু’, তাতে হাঁটলেন জনপ্রতিনিধি