২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইইউ হরাইজন প্রকল্পে গবেষকদের আবেদন চেয়েছে ইইউ  

‘ইইউ হরাইজন ২০২০’ গবেষণা প্রকল্পে বাংলাদেশি গবেষকদের কাছ থেকে আবেদন চেয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2017, 12:07 AM

Updated : 19 Aug 2022, 05:06 PM

বাংলাদেশি টাকায় ৭১ হাজার ৯০০ কোটি বা ৮০ বিলিয়ন ইউরোর এ প্রকল্পে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি একক ব্যক্তি হিসেবেও আবেদন করা যাবে।

মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়ন এবং মেট্টোপলিটন চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) আয়োজিত এক সভায় এ গবেষণা প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।

‘ইইউ হরাইজন ২০২০: অপারচুনেটিস ফর বাংলাদেশ’ শীর্ষক আলোচনায় গবেষণার তহবিল পেতে প্রয়োজনীয় শর্ত ও পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানানো হয়।

জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন, বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের দূত পিয়ের মায়াদন এবং এমসিসিআই সভাপতি নিহাদ কবির আলোচনায় অংশ নেন।

‘ইইউ হরাইজন ২০২০’ হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের একটি গবেষণা ও উদ্ভাবনী প্রকল্প। যা ২০১৪ সালে শুরু হয়ে ২০২০ সালে শেষ হবে।

‘ইউ হরাইজন ২০২০’ বিজ্ঞান, প্রযুক্তি ও সামাজিক গবেষণায় নির্বাচিত প্রকল্পগুলোতে তহবিল যোগান দেয়।