‘শামসুল হক এবং আজহার ইসলামের অবদান মূল্যায়িত হবে’
শিশুসাহিত্য, অভিধানচর্চা ও সাহিত্য-গবেষণায় শিশুসাহিত্যিক ও গবেষক শামসুল হক এবং প্রাবন্ধিক-গবেষক আজহার ইসলামের অবদান মূল্যায়িত হবে বলে মন্তব্য করেছেন বাংলা একাডেমির সভাপতি এমিরেটাস অধ্যাপক আনিসুজ্জামান।
প্রয়াত দুই কথাসাহিত্যিক স্মরণে আয়োজিত বাংলা একাডেমির এক স্মরণসভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, “প্রয়াত শামসুল হক এবং আজহার ইসলাম ছিলেন সত্যিকারের নিষ্ঠাবান, পরিশ্রমী লেখক-গবেষক।”
মঙ্গলবার বিকাল ৪টায় বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভায় সূচনা বক্তব্য দেন একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।
তিনি বলেন, “বাংলা একাডেমি পরিবারের অনেক স্মরণীয়জনের মধ্যে প্রাক্তন পরিচালক শামসুল হক এবং আজহার ইসলাম অন্যতম। শামসুল হক বাংলা একাডেমির গ্রন্থাগারকে একটি আদর্শ গ্রন্থাগার হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে যেমন অবদান রেখেছেন তেমনি শিশুসাহিত্যেও মৌলিক অবদান রেখে গেছেন।
“অন্যদিকে আজহার ইসলাম বাংলা সাহিত্যের ইতিহাসের বিভিন্নপর্ব নিয়ে অনুসন্ধিৎসু এবং উদ্ভাবনমূলক গবেষণার মধ্য দিয়ে আমাদের সমৃদ্ধ করেছেন।”
প্রয়াতদের স্মৃতিচারণ ও মূল্যায়নে অংশ নেন অধ্যাপক মোহাম্মদ আবদুল কাইউম, কবি আসাদ চৌধুরী, কথাসাহিত্যিক সুব্রত বড়ুয়া এবং শিশুসাহিত্যিক আলী ইমাম।
তারা বলেন, বাংলা একাডেমিকে প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে শামসুল হক এবং আজহার ইসলামের মতো ‘ব্যতিক্রমধর্মী, বহুমাত্রিক লেখকরা’ গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
অটিজম বিষয়ক বই ‘আমি নাসিফ বলছি’
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগমের অটিজম জীবনের সাহসী যাত্রা নিয়ে কথাপ্রকাশ থেকে প্রকাশিত ‘আমি নাসিফ বলছি’ শীর্ষক গ্রন্থের প্রকাশনা উৎসব হয়ে গেল মঙ্গলবার বিকালে।
বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদের আয়োজনে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে এই আয়োজনের প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। অটিস্টিক সন্তান নাসিফকে নিয়েই বইটি লিখেছেন নাসিমা বেগম।
বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদের সভাপতি ও শিশু একাডেমির চেয়ারপারসন কথাশিল্পী সেলিনা হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।
সম্মানিত অতিথি প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী।প্রধান আলোচক হিসেবে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রাণ গোপাল দত্ত, ছিলেন কবি মুহম্মদ নূরুল হুদা।
সোসাইটি ফর অটিস্টিক চিলড্রেন (সোয়াক)- এর প্রতিবন্ধী শিশুদের ‘বিশেষ শিশুর বিশেষ দিন’ শীর্ষক সম্মিলিত কণ্ঠে গানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর ‘আমি চিনি গো চিনি ওগো বিদেশিনী’ গানের সঙ্গে মঞ্চে নৃত্য পরিবেশন করেন, যাতে পারফর্ম করেন নাফিস। পরে গৌড়ীয় নৃত্য পরিবেশন করেন র্যাচেল প্রিয়াংকা প্যারিস।
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, “সব বিশেষ শিশুরাই অত্যন্ত মেধাবী ও সৃজনশীল। সবার সহযোগিতা পেলে এসব বিশেষ শিশুরা তাদের সৃজনশীলতার বিকাশ ঘটাতে পারে। তাই আমাদের উচিত তাদের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া।”
প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, “বিশেষ শিশুরা আমাদেরই অংশ। একসময় এদেশে তাদেরকে অবজ্ঞা করা হতো। কিন্তু বর্তমান সরকার তাদের কল্যাণে এগিয়ে এসেছে, তাদের সৃজনশীলতাকে বিকশিত করার জন্য নানাবিধ উদ্যোগ নিয়েছে।
“নাছিমা বেগম সরকারের একজন সচিব। সবচেয়ে বড় পরিচয় তিনি নাসিফের মমতাময়ী মা। তিনি নানা প্রতিকূলতা স্বত্বেও যেভাবে সব দায়িত্ব পালন করে যাচ্ছেন তা প্রশংসনীয়।”
বইটির লেখক নাছিমা বেগম বলেন, “নাসিফ আমার জীবনের অংশ। আমি নানা ঘাত প্রতিঘাত সহ্য করে, অনেক কটু কথা শুনে তাকে বড় করেছি। আমি তাকে কিভাবে বড় করলাম, তাকে বড় করতে যেয়ে আমার অভিজ্ঞতাকে নিয়েই এ বইটি লেখা হয়েছে। আমার মতো এমন মায়ের ক্ষেত্রে বইটি কাজে লাগতে পারে এমন ভাবনা থেকেই বইটি রচনায় অনুপ্রেরণা পেয়েছি।”
