২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির কাছে নেপাল ও ইন্দোনেশিয়ার দূতের পরিচয়পত্র পেশ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ছোপ লাল ভূষাল এবং ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত রিনা পি সোমারনো।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2017, 06:12 PM

Updated : 19 Aug 2022, 05:05 PM

দুই দূত মঙ্গলবার বিকালে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে আলাদাভাবে পরিচয়পত্র পেশ করেন বলে প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান।

সাংবাদিকদের তিনি বলেন, “দুই দূতকে বঙ্গভবনে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি তাদের অভিনন্দন জানান। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে নেপাল ও ইন্দোনেশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক অত্যন্ত চমৎকার।”

প্রেস সচিব বলেন, বাংলাদেশের স্বাধীনতার পরপরই এই দেশ দুটি স্বীকৃতি দিয়েছিল। এজন্য দেশ দুটির জনগণ ও সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রাষ্ট্রপতি।

“দেশগুলোর সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য-বিনিয়োগ সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপতি বলেন, উভয় দেশেই বাণিজ্য বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে। তিনি এসব সুযোগ কাজে লাগাতে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর পরামর্শ দেন।”

নতুন দুই দূতের দায়িত্ব পালনকালে তাদের দেশের সঙ্গে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও সম্প্রসরিত হবে বলেও রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন।

“রাষ্ট্রদূতরা জানান, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে তাদের সরকার খুবই আগ্রহী। তারা বলেন, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন খুবই প্রশংসনীয়। ভবিষ্যতে বাংলাদেশ আরও এগিয়ে যাবে বলে তারা আশা প্রকাশ করেন।”

রাষ্ট্রদূতরা বাংলাদেশে তাদের দায়িত্বপালনকালে সার্বিক সহযোগিতা কামনা করেন। তারা বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি দল তাদের গার্ড অব অনার দেয়।