২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নিবন্ধনহীন বয়লার ৬০ দিনের মধ্যে বন্ধের নির্দেশ

পোশাক কারখানাসহ দেশের যেসব শিল্প কারখানায় বয়লারের নিবন্ধন নেই, সেসব বয়লার ৬০ দিনের মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2017, 06:08 PM

Updated : 19 Aug 2022, 05:05 PM

একই সঙ্গে কলকারখানার বয়লারের নিবন্ধন ও নবায়ন পরিদর্শনের জন্য শিল্প মন্ত্রণালয়কে নির্দেশ দিয়ে ৩০ সেপ্টেম্বরের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গত ১০ জুলাই বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের বেঞ্চ রুলসহ এই আদেশ দিলেও মঙ্গলবার লিখিত আদেশ প্রকাশ পায়।  

বয়লার বিস্ফোরণের কারণে হতাহতদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, যারা মেয়াদোত্তীর্ণ কিংবা ত্রুটিপূর্ণ বয়লার ব্যবহার করছে তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, বয়লার বিস্ফোরণে শ্রমিক হতাহতের ঘটনা ঠেকাতে এবং কর্মস্থল নিরাপদ রাখতে সংশ্লিষ্টদের নিস্ক্রিয়তা ও ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং একইসঙ্গে বয়লার আইন ১৯২৩ এর ২৮ ও ২৯ ধারা অনুযায়ী দুর্ঘটনা প্রতিরোধে বিধিমালা প্রণয়নে কেন নির্দেশ দেওয়া হবে না, জানতে চাওয়া হয়েছে রুলে।  

তিন সপ্তাহের মধ্যে শিল্প সচিব, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সচিব, শ্রম ও কর্মসংস্থান সচিব, আইন সচিব, দুর্যোগ ও ত্রাণ সচিব, স্বরাষ্ট্র সচিব, প্রধান বয়লার পরিদর্শক ও প্রধান কারখানা পরিদর্শককে তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

গাজীপুরের কাশিমপুরে পোশাক কারখানা মাল্টিফ্যাবস লিমিটেডের বয়লার বিস্ফোরণে ১৩ জন নিহত হওয়ার ঘটনায় মালিকের বিরুদ্ধে নতুন করে এজাহার করার নির্দেশনা চেয়ে গত ৯ জুলাই রিট আবেদন করেন মানবাধিকার সংগঠন জাস্টিস ওয়াচ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও সুপ্রিম কোর্টের আইনজীবী মাহফুজুর রহমান মিলন।

বয়লার বিস্ফোরণে নিহতদের জন্য ক্ষতিপূরণের পাশাপাশি বয়লার আইনের বিধিমালা প্রণয়নের নির্দেশনাও চাওয়া হয় ওই আবেদনে।

পরদিন অর্থাৎ ১০ জুলাই রিটের প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুলসহ এ আদেশ দেয়।

আইনজীবী মাহফুজুর রহমান মিলন বিডিনিউজটোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রিট আবেদনের পরদিনই এর শুনানি হয়। আদালত সেদিন মৌখিকভাবে রুলসহ কিছু নির্দেশনা দিলেও আজ (মঙ্গলবার) লিখিতভাবে সে আদেশ দিয়েছেন।”  

রিট আবেদনের পর তিনি বলেছিলেন, গত বছর টঙ্গীতে ‘টাম্পাকো ফয়েলস লিমিটেডের কারখানায় বয়লার বিস্ফোরণে ৩৬ জনের মৃত্যু হয়। চলতি বছরে দিনাজপুরে ১১ জন এবং সিরাজগঞ্জে তিনজনের মৃত্যু হয়েছে একইভাবে।

“এই বয়লার কেবল গার্মেন্ট রিলেটেড কারখানায় ব্যবহার করা হয়, তা কিন্তু না। সার কারখানা, অটোমিলসহ বিভিন্ন কারখানায় বয়লার ব্যবহার করা হয়। এই বয়লার ব্যবহার নিয়ে ১৯২৩ সালের একটি আইন আছে। ওই আইনে বিভিন্ন গাইডলাইন দেওয়া আছে- বয়লারের ব্যবহার, মেয়াদ ইত্যাদি বিষয়ে।”

আইনে বলা হয়েছে, একজন প্রধান পরিদর্শকের মাধ্যমে নিয়মিতভাবে বয়লার পরিদর্শন করতে হবে। আবার ইচ্ছা করলেই কেউ বয়লার স্থাপন করতে পারবে না। পরীক্ষা-নিরীক্ষার পর ছাড়পত্র দেওয়া হলেই বয়লার স্থাপন করা যাবে। একটি নির্দিষ্ট সময়ের মধ্যে বয়লার নবায়নেরও বিধান রয়েছে।

মিলন বলেন, “গাজীপুরে যে বয়লারটির বিস্ফোরণ ঘটেছে, সেটি মেয়াদোত্তীর্ণ ছিল। তাহলে এর জন্য দায়ী কে? প্রথমত দায়ী হল কারখানা মালিক। কারণ সে বয়লারটি মেয়াদোত্তীর্ণ জেনেও ব্যবহার করছিল এবং নবায়ন করেনি। দ্বিতীয়ত পরিদর্শক, কারণ নিয়মিত পরিদর্শন করা হলে এ অঘটনটি নাও ঘটতে পারত।”

এ কারণেই বিধিমালা প্রণয়নের আবেদন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, “মেয়াদোত্তীর্ণ বয়লার বিস্ফোরণে কেউ ক্ষতিগ্রস্ত হলে ২০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা আছে বিদ্যমান আইনে। কিন্তু ওই আইনের ২৯ ধারায় বলা আছে, সরকার এ সংক্রান্ত শাস্তি ও ক্ষতিপূরণের বিষয়ে যে কোনো সময় আইন করতে পারে। কিন্তু একের পর এক ঘটনা ঘটলেও সেটা করা হয়নি।”

Image
মাল্টিফ্যাবসের এই কারখানায় বয়লার বিস্ফোরণে মারা যান ১৩ জন

মাল্টিফ্যাবসের এই কারখানায় বয়লার বিস্ফোরণে মারা যান ১৩ জন

এছাড়া বয়লার আইনের বিধান অনুসরণে বিবাদীদের ব্যর্থতা ও নিষ্ক্রিয়তা কেন ‘অবৈধ’ হবে না- তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয় রিটে।

স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, শ্রম সচিব, শিল্প সচিব, বিজিএমইএর সভাপতি, প্রধান বয়লার পরিদর্শকসহ ১৭ জনকে রিটে বিবাদী করা হয়।

গত ৩ জুন সন্ধ্যায় মাল্টিফ্যাবস লিমিটেডর ডাইং সেকশনের বয়লার বিস্ফোরিত হলে চারতলা কারখানা ভবনের একপাশের দোতলা পর্যন্ত ধসে পড়ে। ওই ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়, আহত হয় প্রায় অর্ধশত মানুষ।

তদন্তকারীরা জানিয়েছেন, ওই বয়লারের মেয়াদ আগেই শেষ হয়ে গিয়েছিল। ঈদের ছুটির পর কারখানা খোলার আগের দিন কর্তৃপক্ষ বয়লারের মেইন স্টপ ভাল্ভ বন্ধ রেখে প্রেসার তৈরির চেষ্টা করলে সেটি বিস্ফোরিত হয়।

ঘটনার পরদিন পুলিশ যে মামলা দায়ের করে, সেখানে নিহত তিন শ্রমিকসহ ১৩ জনকে আসামি করা হলেও কারখানার চেয়ারম্যান মহিউদ্দিন ফারুকী বা কর্মকর্তাদের কারও নাম উল্লেখ করা হয়নি।  

এ কারণে ওই কারখানার মালিক, মহাব্যবস্থাপক বা ব্যবস্থাপকের বিরুদ্ধে ২৪ ঘণ্টার মধ্যে মামলা করে তাদের গ্রেপ্তারের দাবি জানিয়ে গত ৫ জুলাই একটি উকিল নোটিস পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. সাইফুর রহমান।

কারখানা মালিকের অপরাধ চাপা দেওয়ার জন্যই নিহত তিন শ্রমিকসহ ক্ষতিগ্রস্তদের বিরুদ্ধে পুলিশ মামলা করেছে বলে অভিযোগ করা হয় ওই নোটিসে।

ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে নোটিস পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে কারাখানার মালিক, মহাব্যবস্থাপক ও ব্যবস্থাপককে আসামি করে মামলা, তাদের গ্রেপ্তার ও নিহতদের বিরুদ্ধে করা মামলার কার্যক্রম স্থগিত করার আহ্বান জানিয়ে আইনজীবী সাইফুর রহমান সেখানে বলেন, “অন্যথায় বিবাদীদের বিরুদ্ধে হাই কোর্ট বিভাগে মামলা করতে বাধ্য হব।”