২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিতা হক, কালিদাস কর্মকারসহ সাতজন পাচ্ছেন শিল্পকলা পদক

শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য রবীন্দ্রসংগীত শিল্পী মিতা হক, চিত্রশিল্পী কালিদাস কর্মকারসহ সাত গুণীজন শিল্পকলা পদক পাচ্ছেন এবার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2017, 04:17 PM

Updated : 11 Oct 2022, 02:17 PM

শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ২০১৬ সালের পুরস্কারের জন্য মনোনীত সাতজনের নাম ঘোষণা করেন।

মিতা হক এ পুরস্কার পাচ্ছেন কণ্ঠসংগীতে; আর কালিদাস কর্মকার পাচ্ছেন চারুকলায়। 

এছাড়া যন্ত্র সংগীতে পণ্ডিত পবিত্র মোহন দে, নৃত্যকলায় মো. গোলাম মোস্তফা খান, আলোকচিত্রে গোলাম মুস্তাফা, লোকসংস্কৃতিতে সিরাজউদ্দিন পাঠান এবং নাট্যকলায় সৈয়দ জামিল আহমেদ এবার শিল্পকলা পদক পাচ্ছেন।

লিয়াকত আলী বলেন, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামী ২০ জুলাই বিকাল ৩টায় শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে এই পদক বিতরণ করবেন।

পুরস্কার হিসেবে তাদের প্রত্যেকে পাবেন একটি করে সোনার মেডেল, এক লাখ টাকা সম্মানী ও সনদ।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. ইব্রাহীম হোসেন খানের সভাপতিত্বে পদক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর।

কণ্ঠসংগীত, যন্ত্রসংগীত, নৃত্যকলা, নাট্যকলা, চারুকলা, আবৃত্তি, ফটোগ্রাফি, যাত্রাশিল্প, চলচ্চিত্র, লোকসংস্কৃতি ও নতুনভাবে সংযোজিত শিল্প ও সংস্কৃতি ক্ষেত্রের সংগঠক ও গবেষণা- এই ১২টি ক্যাটাগরির মধ্যে নির্বাচিত সাতটি ক্ষেত্রে প্রতিবছর শিল্পকলা পদক দেওয়া হয়।

শিল্পকলা একাডেমীর সচিব জাহাঙ্গীর হোসেন চৌধুরীও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।