ট্রাফিক সার্জেন্টকে জগন্নাথের ছাত্রদের মারধরের ঘটনায় মামলা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাস নিয়ে উল্টো পথে যেতে না দেওয়ায় ঢাকার বাংলামোটর এলাকায় এক ট্রাফিক সার্জেন্টকে মারধরের ঘটনায় মামলা হয়েছে।
মারধরের শিকার সার্জেন্ট কায়সার হামিদ মঙ্গলবার রমনা থানায় এ মামলা দায়ের করে বলে থানার এসআই আমেনা খানম জানান।
রমনা ট্রাফিক বিভাগের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মো. আলাউদ্দিন জানান, মামলার এজাহারে অজ্ঞাতপরিচয় ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে। সরকারি কর্তব্য পালনে বাধা, হত্যার উদ্দেশ্যে মারধর এবং সড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টির অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে।
মামলার বরাত দিয়ে এসআই আমেনা জানান, সোমবার বিকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী তিনটি দোতলা বাস সড়কের উল্টাপথে যেতে চাইলে তাদের বাধা দেন দায়িত্বরত সার্জেন্ট কায়সার হামিদ।
কিছু শিক্ষার্থী তখন সার্জেন্টের উপর আক্রমণ করে এবং টেনে-হিঁচড়ে তার ইউনিফর্ম ছিড়ে ফেলেন। এ সময় পাশে দায়িত্বরত ট্রাফিক পুলিশের আরেক সদস্য হামলাকারীদের হাত থেকে সার্জেন্ট কায়সার হামিদকে রক্ষা করেন বলে উল্লেখ করা হয়েছে মামলায়।
