২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদুরিকে নির্যাতন: গৃহকর্ত্রী নদীর যাবজ্জীবন সাজা

প্রায় চার বছর আগে মিরপুরের পল্লবীতে নির্মম নির্যাতনের পর শিশু গৃহকর্মী আদুরিকে মুমূর্ষু অবস্থায় ময়লার স্তূপে ফেলে রাখার ঘটনায় গৃহকর্ত্রী নওরীন জাহান নদীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2017, 11:42 AM

Updated : 11 Oct 2022, 02:17 PM

পুরনো খবর:

আদুরির দুঃস্বপ্নে এখনও হানা দেন গৃহকর্ত্রী নদী
‘আমিই আদুরি’
আদুরিকে নির্যাতনের শাস্তি জানা যাবে ১৮ জুলাই

ঢাকার ৩ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জয়শ্রী সমাদ্দার মঙ্গলবার এ মামলার রায় ঘোষণা করেন।

আসামি নদীকে যাবজ্জীবন কারাদাণ্ডের পাশাপাশি এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন বিচারক। ওই অর্থ আদায়ের পর তা নির্যাতিত কিশোরী আদুরিকে দিতে হবে। আর জরিমানা দিতে ব্যর্থ হলে আরও এক বছরের কারাদণ্ড ভোগ করতে হবে নদীকে।

নদীর মা ইশরাত জাহানও এ মামলার আসামি ছিলেন। অপরাধে সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দিয়েছেন বিচারক।  

জামিনে থাকা ইশরাত জাহান রায়ের জন্য এদিন আদালতে উপস্থিত হয়েছিলেন। আর তার মেয়ে নদীকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায়ের পর যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত নদীকে ফিরিয়ে নেওয়া হয় কারাগারে।  

২০১৩ সালের ২৩ সেপ্টেম্বর ক্যান্টনমেন্ট থানা এলাকার একটি ডাস্টবিন থেকে ১১ বছর বয়সী আদুরিকে অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ।

Image
আদালতের বাইরে মায়ের সঙ্গে আদুরি

আদালতের বাইরে মায়ের সঙ্গে আদুরি

Image
২০১৩ সালে হাসপাতালের বিছানায় আদুরি

২০১৩ সালে হাসপাতালের বিছানায় আদুরি

পুলিশের তদন্তে বেরিয়ে আসে, তার গৃহকর্ত্রী পল্লবীর ১২ নম্বর সেকশনের ২৯/১, সুলতানা প্যালেসের দ্বিতীয় তলার বাসিন্দা নদী আগের দিন ধারালো চাকু দিয়ে শরীরের বিভিন্ন অংশ কেটে, ইস্ত্রি দিয়ে ছ্যাঁকা দিয়ে মারাত্মক জখম করে মেয়েটিকে সেখানে ফেলে রাখেন।

চার বছর আগের সেই নির্যাতনের স্মৃতি এখনও দুঃস্বপ্ন হয়ে কিশোরী আদুরির ঘুম ভাঙিয়ে দেয়। শরীরে যেসব জায়গায় নির্যাতন করা হয়েছিল, এখনও মাঝেমধ্যে সেসব জায়গায় ব্যথা হয়, চুলকায়।

পটুয়াখালী সদর উপজেলার কৌরাখালী গ্রামের প্রয়াত খালেক মৃধার মেয়ে আদুরি এখন পরিবারের সঙ্গেই থাকে। সম্প্রতি পাশের গ্রাম পূর্ব জৈনকাঠীর একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণিতে ভর্তি হয়েছে সে।

মামলার রায় জানতে মঙ্গলবার মা শাফিয়া বেগমের সঙ্গে আদালতে এসেছিল আদুরি। সঙ্গে ছিলেন মামলার বাদী আদুরির মামা নজরুল চৌধুরী, খালা শাহিনুর বেগমসহ আরও কয়েকজন।

রায়ের পর নজরুল বলেন, “ওরা প্রচুর বিরক্ত করেছে। আপসের জন্য চাপ দিয়েছে। আপস করি নাই; কঠিন যুদ্ধ করেছি। আপনারা সাহায্য করেছেন। আপনাদের সাহায্য না পেলে এই মামলা রায়ের পর্যায়ে আনতে পারতাম না।” 

আদুরির পরিবারকে এ মামলায় আইনি সহায়তা দেওয়া মহিলা আইনজীবী সমিতির সভাপতি সালমা আলী রায়ের প্রতিক্রিয়ায় বলেন, “রায়ে আমরা সন্তুষ্ট। যদি আদুরির পরিবার চায়, তাহলে তার সারা জীবনের কর্মসংস্থান আমরা করে দেব।”

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম বলেন, “ন্যায়বিচার হয়নি; রায়ে আমরা সংক্ষুব্ধ। উচ্চ আদালতে আপিল করব।”

 

বিভৎস নির্যাতন

কয়েক বছর আগে স্বামী মারা গেলে নয় ছেলে-মেয়েকে নিয়ে বিপদে পড়েন আদুরির মা শাফিয়া। তখন এলাকার চুন্নু মীর ঢাকায় তার শ্যালক সাইফুল ইসলাম মাসুদের বাসায় মাসিক ৫০০ টাকা বেতনে আদুরিকে কাজ দেওয়ার প্রস্তাব করলে তিনি রাজি হয়ে যান।

২০১৩ সালের ২৩ সেপ্টেম্বর আদুরিকে ডাস্টবিন থেকে অচেতন অবস্থায় উদ্ধারের তিন দিন পর পল্লবী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন আদুরির মামা নজরুল চৌধুরী, যিনি একটি ভবনের নিরাপত্তা প্রহরী হিসাবে কাজ করেন।

মামলার এজাহারে গৃহকর্ত্রী নদী, তার মা ইশরাত জাহান, স্বামী সাইফুল ইসলাম মাসুদ এবং তাদের আত্মীয় সৈয়দ চুন্নু মীর ও মো. রনিকে আসামি করা হয়।

হাকিমের কাছে নারী ও শিশু নির্যাতন আইনের ২২ ধারায় দেওয়া জবানবন্দিতে আদুরি বলে, গৃহকর্ত্রী নদী তাকে দিনে একবেলা খেতে দিতেন, তাও মুড়ি। মাঝেমধ্যে ভাত দিতেন, তাও শুধু লবণ কিংবা মরিচ দিয়ে। থাকতে দিতেন বেলকনিতে।

আর নির্যাতন চলত অহরহ। প্রায়ই গরম ইস্ত্রি দিয়ে ছ্যাঁকা দেওয়া হত শরীরের বিভিন্ন স্থানে। ব্লেড দিয়ে গালে কেটে একবার সেখানে আগুনও দেওয়া হয়েছিল। ভয়ে এ নির্যাতনের কথা কাউকে বলতে পারেনি আদুরি। 

মামলায় গ্রেপ্তার হওয়ার পর ওই বছর ১ অক্টোবর দোষ স্বীকার করে হাকিমের কাছে জবানবন্দি দেন নদী।

তার ভাষ্য ছিল, সংসারে আর্থিক টানাটানিতে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। আদুরি কোনো কাজে ভুল করলে তার খুব রাগ হত।

ব্লেড দিয়ে শরীরে পোচ দেওয়া এবং গরম ইস্ত্রির ছ্যাঁকা দেওয়ার কথাও ওই জবানবন্দিতে নদী স্বীকার করে নেন।

Image
আদালতের বাইরে পরিবারের সদস্যদের সঙ্গে আদুরি

আদালতের বাইরে পরিবারের সদস্যদের সঙ্গে আদুরি

Image
পটুয়াখালী সদর উপজেলার কৌরাখালী গ্রামে আদুরিদের বাড়ি

পটুয়াখালী সদর উপজেলার কৌরাখালী গ্রামে আদুরিদের বাড়ি

তদন্তের পর ২০১৩ সালের ১০ অক্টোবর ঢাকা মহানগর পুলিশের নারী সহায়তা ও তদন্ত বিভাগের এসআই কুইন আক্তার আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

সেখানে নওরীন জাহান নদী ও তার মা ইশরাত জাহানকে আসামি করা হলেও বাকি তিনজনকে অব্যাহতি দেওয়া হয়।

ওই বছরের ১৬ জুন অভিযোগ গঠনের মধ্য দিয়ে দুই আসামির বিচার শুরু করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

রাষ্ট্রপক্ষে মোট ১৪ জনের সাক্ষ্য শুনে দুই পক্ষের যুক্তিতর্কের শুনানি শেষে গত ৯ জুলাই রায়ের দিন ঠিক করে দেন এ আদালতের বিচারক।