‘রাজনৈতিক আস্থাহীনতার সুযোগে জঙ্গিবাদের বিস্তার’
সর্বসম্মত ‘জাতীয় ঐক্য’ গড়ে না ওঠায় দেশে ধর্মীয় শ্রেষ্ঠত্ববাদ, উগ্রবাদ ও সাম্প্রদায়িকতাসহ জঙ্গিবাদের বিস্তার হয়েছে বলে অভিমত দিয়েছেন একটি আলোচনা সভার বক্তারা।
তারা বলছেন, গণতান্ত্রিক মূল্যবোধের অভাব ও ‘রাজনেতিক আস্থাহীনতার’ সুযোগে স্বাধীনতা বিরোধীরা তরুণ প্রজন্মকে ‘উগ্র সাম্প্রদায়িক ভাবাদর্শে’ আকৃষ্ট করে। সে কারণে মুক্তিযুদ্ধের পর উদার গণতান্ত্রিক ভাবাপন্ন প্রজন্ম তৈরির বদলে উগ্র সাম্প্রদায়িক ভাবাপন্ন প্রজন্ম গড়ে উঠেছে।
শনিবার ‘বাংলাদেশে জঙ্গিবাদের তৎপরতা ও মৌলিক করণীয়সমূহ’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় বক্তারা একথা বলেন।
‘বাংলাদেশ রুখে দাঁড়াও’ ও ‘সম্মিলিত সামাজিক আন্দোলন’ নামে দুটি সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এ বৈঠকের আয়োজন করে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, লেখক, রাজনীতিক, উন্নয়নকর্মী ও বিভিন্ন খাতের পেশাজীবীরা এতে অংশ নেন।
এম এম আকাশ
জঙ্গিবাদের আক্ষরিক অর্থের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, “জঙ্গিবাদের সবচেয়ে ভয়ানক ও যুক্তিহীন রূপ হচ্ছে ধর্মীয় জঙ্গিবাদ। হিটলার যেমন জার্মান জাতির শ্রেষ্ঠত্বে বিশ্বাসী ছিলেন, ধর্মীয় জঙ্গিবাদীরা তেমনি কোনো একটি বিশেষ ধর্মের শ্রেষ্ঠত্বে বিশ্বাসী।
“ইসলামি জঙ্গিরা ইসলামকে একটি আপসহীন, সর্বশ্রেষ্ঠ ধর্ম এবং সর্বগুণের একক আধার হিসেবে বিবেচনা করে এবং একে শুধু যার যার ব্যক্তিগত বিষয় না করে তারা ইসলামকে রাষ্ট্রীয় বিধানে পরিণত করতে চায়। সেজন্য তারা ইসলামপন্থিদের রাজনৈতিক ক্ষমতায় অধিষ্ঠিত করতে চায়।”
‘রাজনৈতিক ইসলামই’ ইসলামি জঙ্গিবাদের সক্রিয় আদি রূপ বলে মন্তব্য করেন এই অধ্যাপক।
ইসলামি জঙ্গিবাদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিকসহ মোট নয়টি বৈশিষ্ট্য তুলে ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক তার প্রবন্ধে জঙ্গিবাদ মোকাবেলায় কয়েক দফা সুপারিশ করেন।
আর্থিক শক্তি যখন ‘ফ্যাসিস্ট আদর্শের’ সঙ্গে যুক্ত হয়, তখন এর ধ্বংসাত্মক ক্ষমতাও বহুগুণে বৃদ্ধি পায় উল্লেখ করে আকাশ বলেন, “আমাদের দেশে সেটাই ঘটেছে। এজন্য জঙ্গিবাদের আর্থিক কাঠামো ভেঙে দিতে হবে।”
আর মৌলিক করণীয় হিসেবে ‘অন্ধ বিশ্বাসের’ বিপরীতে মুক্তচিন্তার চর্চাকে সমাজের বিভিন্ন অঙ্গনে ছড়িয়ে দেওয়ার কথা বলেন সিপিবির এই নেতা।
তিনি বলেন, “রবীন্দ্র, নজরুল, লালন ও জীবনানন্দ চর্চার পাশাপাশি বিশ্বমানবিক সাংস্কৃতিক ঐতিহ্যবাহী মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হবে।”
প্রবন্ধের ওপর আলোচনায় ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য দেশে সাম্প্রদায়িক উগ্রবাদের বিস্তারে ‘ভোটের রাজনীতিকে’ দায়ী করেন।
তিনি বলেন, “আজ বাংলাদেশে পাকিস্তানিকরণের রাজনীতিই মূলধারার রাজনীতি হয়ে গেছে। পাকিস্তানি মতাদর্শকে ধরে রাখার জন্য বিএনপি প্রধান ধারক হলেও আদর্শহীন ভোটের রাজনীতিতে এখন মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক দলগুলোও এতে পৃষ্ঠপোষকতা করছে।”
‘সংস্কৃতি’ বর্তমান সময়ে ‘কাচের ঘরে’ বন্দি দাবি করে এই রাজনীতিক বলেন, “প্রশাসনিক কাচের ঘর নিয়ন্ত্রণ করছে সংস্কৃতিকে। কোন হল ছাড়া এখন সাংস্কৃতিক কর্মকাণ্ড আর চোখেই পড়ে না।
“অশিক্ষিত বা দরিদ্র ঘরের ছেলেপেলেরা শুধু না, সামগ্রিকভাবে জাতিকে একটা আস্থাহীনতা গ্রাস করেছে। সে আস্থাহীনতা থেকেই সরকার, প্রশাসন, সমাজ ও রাজনীতির উপর ক্ষোভ-বিক্ষোভে ও হতাশায় তরুণ প্রজন্ম মুখ ফেরাতে শুরু করেছে। আর এই সুযোগটিই ওরা নিচ্ছে, বিভ্রান্ত করছে।”
জঙ্গিবাদকে সরিয়ে ‘অসাম্প্রদায়িক শক্তির’ পুনরুত্থান ঘটাতে পুরো জাতিকে ঐক্যবদ্ধ হয়ে একটি লড়াইয়ে নামতে হবে বলেও মন্তব্য করেন পঙ্কজ ভট্টাচার্য।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলেন, জঙ্গিবাদ কী, কেন ও এর বহিঃপ্রকাশ কেমন তা নিয়ে প্রচুর কথা হয়েছে। জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা মোকাবেলা করতে হলে প্রথমেই ভাবতে হয় রাষ্ট্রকে নিয়ে।
“রাষ্ট্র ও সরকার অভিন্ন নয়। রাষ্ট্রের আদর্শিক অবস্থান নিয়ে আমাদের দ্বন্দ্ব আছে। সে দ্বন্দ্বের নিরসন আগে করতে হবে।
“আইন-শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে জবরদস্তিমূলক পদ্ধতিতে জঙ্গিবাদ মোকাবেলা করা সম্ভব না। আইন-শৃঙ্খলা বাহিনী দিয়ে যতটুকু হয়েছে, তাতে রোগের উপসর্গের চিকিৎসা হয়েছে মাত্র। রোগের চিকিৎসা হয়নি।”
ধর্মীয় জঙ্গিবাদ, উগ্রবাদ ও অসহিষ্ণুতার বিরুদ্ধে প্রচার মাধ্যমগুলোর সরব হওয়ার উপর গুরুত্ব দেন আনোয়ার হোসেন।
“তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল এই কাজগুলো করা, কিন্তু তা হয়নি। তথ্যমন্ত্রী প্রচুর কথা বলেন, কিন্তু আমার জানা নেই কাজের কথা তিনি কতটুকু বলেছেন।”
তরুণ প্রজন্মের সামনে অনুকরণীয় কোন আদর্শ না থাকায় সৃষ্ট হতাশার কারণে তরুণরা জঙ্গিবাদে সম্পৃক্ত হচ্ছে বলে মনে করেন মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি সারওয়ার আলী।
তিনি বলেন, “বর্তমানে বাংলাদেশে জঙ্গিবাদের যে সমস্যাটি রয়েছে এবং পত্র-পত্রিকায় যেভাবে প্রকাশ পায় তাতে মনে হতে পারে সমস্যাটি রাজনেতিক। কিন্তু এ সংকটটি সমাজের।
“এই মৌলিক সত্যটির প্রতি সবার নজর দেওয়া উচিত। জন্মসূত্রে পাওয়া ধর্ম অন্য ধর্মের চেয়ে শ্রেষ্ঠ- এই মনোভাব থেকেই বিভক্তি, তার থেকে জন্ম নেয় বিদ্বেষ, তার রূপই হচ্ছে সাম্প্রদায়িকতা। আর তার নিঃসংশয় অবয়ব হচ্ছে জঙ্গিবাদ। এটি একটি বৈশ্বিক সমস্যা।”
সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ প্রশ্নে সরকারের পরস্পরবিরোধী অবস্থানের সমালোচনা করে সারওয়ার আলী বলেন, “সরকারের একটি রহস্যজনক পরস্পরবিরোধী অবস্থান লক্ষ করছি। পঁচাত্তরের পর দেশে যুদ্ধাপরাধের বিচার হবে এটা অবিশ্বাস্য ছিল। আবার এটিও সত্য যে, গোঁজামিল দিয়ে হলেও বাহাত্তরের সংবিধান প্রতিস্থাপন করা হয়েছে।
“শাপলা চত্বর থেকে হেফাজতকে সরানো হলেও এই সরকারই তাদের সঙ্গে সমঝোতা করেছে। সমাজের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে নতুন সমাজের নতুন উপলব্ধি নিয়ে এ শক্তিকে মোকাবেলা করতে না পারলে আমাদের সবকিছু ম্লান হয়ে যাবে।”
সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার বলেন, “আজ সমাজে মেয়েদের মধ্যে যারা হিজাব পরছে, তারা যে শুধু ধর্মবিশ্বাস থেকে হিজাব পরছে তা কিন্তু না। তারা মনে করছে- নিরাপদে থাকতে হলে এই পোশাকটা আদর্শ। এজন্য তারা এটা বেছে নিয়েছে।”
জঙ্গিবাদ মোকাবেলায় ‘লোক সংস্কৃতির’ প্রসার ঘটাতে সাংস্কৃতিক সংগঠনগুলোর পাশাপাশি গণমাধ্যমকেও ভূমিকা রাখার আহ্বান জানান রামেন্দু মজুমদার।
সভাপতির বক্তব্যে মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি জিয়াউদ্দিন তারেক আলী বলেন, “আইনের পক্ষপাতহীন প্রয়োগ হলে তবেই সন্ত্রাসবাদ দমন সম্ভব। কিন্তু রাজনৈতিক বাস্তবতায় সেটি কতটুকু সম্ভব, তা আমাদের ভাবতে হবে।”
দেশের ৪০ থেকে ৫০ শতাংশ মানুষ নীরবে অথবা সরবে ‘ধর্মীয় শ্রেষ্ঠত্ববাদের’ বিষয়টি বিশ্বাস করে মন্তব্য করে তিনি বলেন, “এটি গত ৩০ বছরে সংঘটিত হয়েছে। এ বিষয়টি চিন্তায় এনে এর বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে।অনুধাবন করতে হবে- ধর্মের পিচ্ছিল পথ দিয়ে আমরা আমাদের উত্তরণ ঘটাতে পারব না।”
অন্যদের মধ্যে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও সাম্প্রদায়িকতা জঙ্গিবাদ বিরোধী মঞ্চের সদস্য সচিব নূর মুহাম্মদ তালুকদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রুবাইয়াৎ ফেরদৌস এবং নারী অধিকার ও উন্নয়নকর্মী রোকেয়া কবির আলোচনায় অংশ নেন।
