জ্ঞানতাপস ড. মুহম্মদ শহীদুল্লাহকে স্মরণ
বহু ভাষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহর অসাম্প্রদায়িক চেতনা ও আর্দশ অনুসরণ করতে তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।
এই মনীষীর ১৩২তম জন্মবার্ষিকী ও ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আরেফিন সিদ্দিক বলেন, বহু ভাষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহর মতো অসাম্প্রদায়িক চেতনার মানুষ বিরল। তিনি একদিকে যেমন ছিলেন প্রচণ্ড ধর্মপ্রাণ মানুষ, তেমনি অন্য ধর্মের প্রতিও তার ছিল সমান শ্রদ্ধাবোধ।
“এই দেশের স্বাধীনতায় তার অবদান বিরল। তিনি শিক্ষকতাকে শুধু শ্রেণিকক্ষের মধ্যেই সীমাবদ্ধ রাখেননি, তার বাইরে তিনি শিক্ষার্থীদের ভাষাবোধ, দেশপ্রেম ও মূল্যবোধের মতো নৈতিক শিক্ষার প্রতি অনুপ্রাণিত করেছেন। যে কারণে পরে মুক্তিযুদ্ধের সময় এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অকাতরে জীবন দিতেও দ্বিধাবোধ করেনি।”
তরুণ প্রজন্মকে শহীদুল্লাহর জীবনাদর্শ অনুসরণ করার আহ্বান জানিয়ে উপাচার্য বলেন, “তরুণ প্রজন্মকে তার আদর্শ ও চেতনা এবং তার অবদান শুধুমাত্র স্মরণেই নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণ করতে হবে।”
গৃহায়ন ও গণপূর্ত সচিব শহীদ উল্লা খন্দকার বলেন, “তিনি ছিলেন জ্ঞানতাপস। তিনি শুধু জ্ঞান গ্রহণই করেননি, তিনি জ্ঞান সর্বত্র ছড়িয়ে দিয়েছিলেন।”
শহীদুল্লাহ হলের প্রাধ্যাক্ষ অধ্যাপক আইনুল ইসলাম বলেন, তিনি মোক্তার পরিবারের সন্তান হলেও রক্ষণশীল ছিলেন না। তিনি ইসলাম প্রচারে গ্রাম-গঞ্জে ওয়াজ মাহফিল করেছিলেন। কিন্তু যখন বাংলা ভাষার ওপর পাকিস্তানিরা আঘাত হানে, তখন তিনিই বলেছিলেন- ‘হিন্দু-মুসলমান সবাই আমরা বাঙালি’।
বাংলা বিভাগের চেয়ারম্যান ভীষ্মদেব চৌধুরী বলেন, তিনি বহু ভাষাবিদ ও জ্ঞানতাপস ছিলেন। দারিদ্যতার প্রতিকূলতায় প্রথমে তিনি স্কুলের শিক্ষকতা বেছে নিয়েছিলেন। কিন্তু কোনো প্রতিকূলতা তাকে প্রতিহত করতে পারেনি।
“তিনি যখন সংস্কৃত বিষয়ে ডিগ্রি নিতে গিয়েছিলেন, তখন রক্ষণশীল হিন্দু শিক্ষকরা তাকে ভর্তি করেনি। পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যার আশুতোষ মুখোপাধ্যায় তার জন্য বিশ্ববিদ্যালয়ে ভাষাতত্ত্ব নামে একটি বিভাগ খুলেছিলেন। তিনি ওই বিভাগের প্রথম ছাত্র এবং প্রথম ভিন্নধর্মী হিসেবে ডিগ্রী অর্জন করেছিলেন।”
ড. মুহম্মদ শহীদুল্লাহ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক মো. ইউনুছ আলী।
শহীদুল্লাহ হলের মাঠে আলোচনা সভায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, ছাত্রলীগের সাবেক সভাপতি বাহাদুর ব্যাপারী ও ড. মুহম্মদ শহীদুল্লাহর দৌহিত্রী লেখক-সাংবাদিক শান্তা মারিয়া অংশ নেন।
