২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবসর সুবিধা-কল্যাণ ট্রাস্টে অতিরিক্ত ৪% কাটার প্রতিবাদ

অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টে অতিরিক্ত ৪ শতাংশ চাঁদা কাটার সরকারি গেজেট ৩০ জুলাইয়ের মধ্যে বাতিল করতে আল্টিমেটাম দিয়েছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2017, 05:36 PM

Updated : 11 Oct 2022, 02:17 PM

পুরনো খবর:

বেসরকারি শিক্ষকদের বেতনের ১০ শতাংশ কর্তনের সিদ্ধান্তের প্রতিবাদ

শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে বেঁধে দেওয়া সময়ের মধ্যে গেজেট বাতিল না হলে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ, অনশন ও শিক্ষা প্রতিষ্ঠানে লাগাতার ধর্মঘট পালনের হুমকি দেয় বাংলাদেশ শিক্ষক সমিতি।

এতে শিক্ষক সমিতির সভাপতি আবুল বাশার হাওলাদার বলেন, “শিক্ষা মন্ত্রণালয় গেজেট প্রকাশ করেছে শিক্ষক-কর্মকর্তাদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টে ২ শতাংশ করে ৪ শতাংশ অতিরিক্ত চাঁদা কর্তন করা হবে।

“কতিপয় সুবিধাভোগী ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্নকারী বিতর্কিত শিক্ষক নেতাদের হটকারি পরামর্শে এ ধরনের সিদ্ধান্তে শিক্ষক সমাজ হতাশ।”

অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের জন্য আগের ৪ ও ২ শতাংশ করে ৬ শতাংশ চাঁদা কর্তনের দাবি জানিয়ে তিনি বলেন, “বিধি অনুসারে এই চাঁদার টাকার সঙ্গে সরকারি বরাদ্দ মিলিয়ে শিক্ষক-কর্মচারীদের অবসরকালীন টাকা স্বল্প সময়ের মধ্যে প্রদান করা হবে।

“কিন্তু শিক্ষক-কর্মচারীরা অবসরকালীন টাকা ৩-৪ বছরেও পাচ্ছেন না। এমনকি অনেকে জীবদ্দশায়ও পাচ্ছেন না। এ অবস্থায় আবার অতিরিক্ত ৪ ভাগ চাঁদা কর্তন। এটা যেন মরার উপর খড়ার ঘাঁ। এই অমানবিক সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানাচ্ছি।”

অবসর ও কল্যাণ ট্রাস্টে অতিরিক্ত চাঁদা কর্তনের যে গেজেট প্রকাশ করা হয়েছে তা বাতিলের পাশাপাশি এমপিওভুক্তিতে হয়রানি বন্ধ ও সর্বোপরি চাকরি জাতীয়করণের দাবি জানান আবুল বাশার।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরাতো ৬% দিচ্ছিই। তার উপরে এটা অতিরিক্ত আদায় করা হবে কেন? আইনের বাইরে গিয়ে আদায় করতে গেলে সেটাতো মন্ত্রিসভা হয়ে নীতিমালার আকারে প্রকাশ হওয়া উচিত। তা না করে কিছু সুবিধাভোগী শিক্ষক নেতার পরামর্শে হুট করে গেজেট প্রকাশ করেছে মন্ত্রণালয়। আমরা সেটা মেনে নিতে পারি না।”

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে শিক্ষক সমিতির সিনিয়র যুগ্ম মহাসচিব জসিম উদ্দিন সিকদার, সাংগঠনিক সচিব রেজাউল করিম, বেসরকারি মাধ্যমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি শামসুল হক গাজী, শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য শুভাষ চন্দ্র সেন উপস্থিত ছিলেন।