তরুণদের অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ করতে হবে: রাষ্ট্রপতি
জঙ্গিবাদ ও সন্ত্রাসী কার্যক্রম থেকে তরুণ সমাজকে দূরে রাখতে তাদের অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বৃহস্পতিবার এক অনুষ্ঠানে তিনি বলেন, “সাম্প্রতিক সময়ে জঙ্গি ও সন্ত্রাসী কার্যক্রমের ঘটনা আমাদেরকে ভাবিয়ে তুলেছে। বস্তুত কোনো ধর্মই সন্ত্রাস ও জঙ্গিবাদ সমর্থন করে না। আমাদের শিশু, কিশোর ও যুবদের ধর্মান্ধতা, সাম্প্রদায়িকতা, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিষবাষ্প থেকে দূরে রাখতে তাদের মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ করতে হবে।
“তাদের জানাতে হবে, আমাদের এই মাতৃভূমিতে জঙ্গিবাদ বা সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। হাজার বছর ধরে নানা জাতি-ধর্মের মানুষ এই ভূখণ্ডে শান্তিপূর্ণভাবে মিলেমিশে বসবাস করে আসছে। তাই সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের সুমহান ঐতিহ্য। সম্মিলিতভাবে এ ঐতিহ্যকে অব্যাহত রাখতে হবে।”
রাষ্ট্রপতি এসময় জলবায়ু পরিবর্তনের ঝুঁকি হ্রাসে সচেতনতা গড়তে স্কাউটদের ভূমিকা রাখার আহ্বান জানান।
“বিশ্বে জলবায়ু পরিবর্তনের প্রভাব আজ সুস্পষ্ট। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে সম্প্রতি অতি বৃষ্টিতে উপর্যুপরি বন্যা, পাহাড় ধসে হতাহতের ঘটনাসহ বজ্রপাতে বিপুল মানুষের প্রাণহানি দেশবাসীকে ভাবিয়ে তুলেছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি হ্রাসে স্কাউটরা জনসচেতনতা সৃষ্টিতে বিশেষ ভূমিকা পালন করতে পারে।”
স্কাউট আন্দোলনকে তৃণমূলে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, “বাংলাদেশ স্কাউটসের কার্যক্রম অধিক দৃশ্যমান ও কার্যকর করতে স্কাউট নেতৃবৃন্দকে আরও বেশি উদ্যোগী হতে হবে। শিশু-কিশোরদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউট আন্দোলনকে তৃণমূলে ছড়িয়ে দিতে হবে, আরও জনপ্রিয় করতে হবে।
ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি ছয়জনকে স্কাউটের সর্বোচ্চ অ্যাওয়ার্ড ‘রৌপ্য ব্যাঘ্র’ এবং ২০ জনকে দ্বিতীয় সর্বোচ্চ অ্যাওয়ার্ড ‘রৌপ্য ইলিশ’ দেন।
এছাড়া অনুষ্ঠানে ৩২৭ জনকে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড দেওয়া হয়।
বাংলাদেশ স্কাউটসের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রধান জাতীয় কমিশনার জনপ্রশাসন সচিব মোজাম্মেল হক খান।
