২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সব উপজেলায় ন্যাশনাল সার্ভিস হবে

দেশের সব উপজেলায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2017, 08:53 PM

Updated : 19 Aug 2022, 05:02 PM

মঙ্গলবার জাতীয় সংসদে জাতীয় পার্টির সালমা ইসলামের সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

এর আগে সালমা ইসলামের মূল প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায় এ পর্যন্ত এক লাখ ১১ হাজার ১১৬ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এর মধ্যে এক লাখ ৮ হাজার ৭৮২ জনকে দুই বছরের অস্থায়ী কর্মে নিযুক্ত করা হয়েছে। অস্থায়ী কর্মসংস্থান শেষে অনেকে স্থায়ী কর্মসংস্থান কিংবা আত্মকর্মী হওয়ার সুযোগ লাভ করেছে।

মন্ত্রী আরও জানান, ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায় ২৪-৩৫ বছর বয়সী এবং উচ্চমাধ্যমিক ও ত​দুর্ধ্ব শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন বেকার যুবক/মহিলাদের ১০টি সুনির্দিষ্ট মডিউলে তিনমাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণ প্রদানের পর জাতিগঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে অস্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়।

এ কর্মসূচি প্রাথমিকভাবে কুড়িগ্রাম, বরগুনা এবং গোপালগঞ্জ জেলায় বাস্তবায়ন করা হয়। দ্বিতীয় পর্যায়ে রংপুর বিভাগের ৭টি জেলার ৮টি উপজেলায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। তৃতীয় পর্যায়ে ১৭টি উপজেলায় এ কর্মসূচি বাস্তবায়িত হয়। চতুর্থ পর্যায়ে ৭টি জেলার ২০টি উপজেলায় এ কর্মসূচির কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।

আওয়ামী লীগের আনোয়ারুল আজীম আনারের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, বর্তমানে বাংলাদেশে ৮৭ শতাংশ জনগণ নিরাপদ পানির আওতাভুক্ত। ১৩ শতাংশ জনগণ দূরবর্তী অন্যান্য নিরাপদ পানির উৎস থেকে খাবার পানি সংগ্রহ করে থাকে।

মন্ত্রী আরও জানান, বাংলাদেশে ৯৯ শতাংশ জনগণ মৌলিক স্যানিটেশনের আওতাভুক্ত। এর মধ্যে ৬১ শতাংশ উন্নত ল্যাট্রিন, ২৮ শতাংশ যৌথ ল্যাট্রিন ও ১০ শতাংশ অনুন্নত ল্যাট্রিন ব্যবহার করেন।

আওয়ামী লীগের ইসরাফিল আলমের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “হকার পেশায় নিয়োজিত ব্যক্তিদের সঠিক সংখ্যা নির্ধারণে স্থানীয় সরকার বিভাগ থেকে কোনো জরিপ পরিচালনা হয়নি। ফলে বাংলাদেশে হকারদের সঠিক বা আনুমানিক সংখ্যা উল্লেখ করা সম্ভব নয়।”

আওয়ামী লীগের এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সরকারের গৃহীত পদক্ষেপের ফলে মৌসুমী ফলে ফরমালিনসহ নানা বিষাক্ত রাসয়নিকের ব্যবহার দিন দিন কমে আসছে।

সরকারি দলের সদস্য মো. নবী নেওয়াজের প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী জানান, সুপেয় পানি ও কৃষি কাজে ভূগর্ভস্থ পানির ওপর অধিক নির্ভরশীলতার কারণে ভূগর্ভস্থ পানির স্তর ৩ থেকে ১০ মিটার নিচে নেমে গেছে। ফলে শুষ্ক মৌসুমে নলকূপে পর্যাপ্ত পানি পাওয়া যায় না।

মন্ত্রী জানান, এই অবস্থা উত্তরণের জন্য ৩৭৫ কোটি টাকা ব্যয়ে ‘পানি সংরক্ষণ ও নিরাপদ পানি সরবরাহের লক্ষে জেলা পরিষদের পুকুর/​দিঘী/জলাশয়সমূহ পুনঃখনন/সংস্কার’ শীর্ষক একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ ছাড়া পল্লী অঞ্চলে পানি সরবরাহ প্রক​ল্পের আওতায় ১৪৩টি পুকুর পুনঃখনন ও ২০০টি পুকুর নতুনভাবে খনন করা হবে।